রুপির নোট: সরকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট
ভারত সরকারের পুরাতন ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের সিদ্ধান্ত স্থগিতের আবেদন জানিয়ে করা পিটিশন খারিজ করেছে সুপ্রিম কোর্ট।
সরকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করা হবে না জানিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্ট ওই পিটিশন খারিজ করে বলে খবর প্রকাশ করেছে এনডিটিভি।
সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়, “যেহেতু এটি সরকারের অর্থনৈতিক নীতি, তাই সুপ্রিম কোর্ট এ বিষয়ে হস্তক্ষেপ করবে না। তবে সরকারের এ সিদ্ধান্তের কারণে সাধারণ জনগণকে যে ভোগান্তির মধ্য দিয়ে যেতে হচ্ছে তা উপশমের রাস্তা খোঁজা হবে।”
আদালতের পক্ষ থেকে সরকারকে জনগণের চাহিদা মেটাতে নতুন নোটের উৎপাদন বাড়ানোর বিষয়টি বিবেচনার আহ্বান জানানো হয়েছে।
ঠিক এক সপ্তাহ আগে টেলিভিশনে এক ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের মুদ্রা রুপির সবচেয়ে বড় দুইটি নোট অকার্যকর করার ঘোষণা দেন। দুর্নীতি দমন ও কালো টাকার বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছিলেন মোদী।
এ বছর ৩০ ডিসেম্বর পর্যন্ত পুরাতন ৫০০ ও ১০০০ রুপির নোট ব্যাংক থেকে পরিবর্তনের সময় বেঁধে দেওয়া হয় এবং তার পরিবর্তে নতুন করে ছাপা ৫০০ ও ২০০০ রুপির নোট তুলতে পারবেন গ্রাহকরা।
কিন্তু নতুন রুপির নোট তোলার ক্ষেত্রে সরকার সীমা বেঁধে দিয়েছে, এক ব্যক্তি দৈনিক ২৫০০ রুপির নতুন নোট তুলতে পারবেন।
যার পরিপ্রেক্ষিতে সোমবার সরকারের পক্ষ থেকে বলা হয়, এখন থেকে এক ব্যক্তি দৈনিক পুরাতন ৪৫০০ রুপি পরিবর্তন করে সমপরিমাণ নতুন নোট তুলতে পারবেন। আর একাউন্ট থেকে সপ্তাহে ২৪ হাজার রুপি তুলতে পারবেন। এটিএম থেকে দৈনিক প্রতি কার্ডে ২৫০০ রুপি তোলা যাবে।
এরপরও লাইনে ভীড় না কমায় মঙ্গলবার সরকার অমোচনীয় কালি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। যাতে এক ব্যক্তি দিনে কয়েকবার রুপির নোট পরিবর্তনের সুযোগ না পায়।
কর্মকর্তারা বলেন, “অসাধু ব্যক্তিরা লোক ভাড়া করে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে তাদের পাঠিয়ে পুরাতন নোট পরিবর্তন করাচ্ছে। এর ফলে একই ব্যক্তি লাইনে কয়েকবার করে দাঁড়িয়ে সেটিকে দীর্ঘ করছে। তারা হয়ত দিনে কয়েকবার নোট পরিবর্তন করছে, আর তাদের কারণে কেউ কেউ নোট পরিবর্তনের সুযোগই পাচ্ছেন না।”
