২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুপির নোট পরিবর্তন: চলছে ভোগান্তি, জমছে ক্ষোভ

হঠাৎ করেই রুপির সবচেয়ে বড় দুইটি নোট বাতিল ঘোষণার পর ভারত জুড়ে চারদিন ধরে ব্যাংকগুলোর সামনে দীর্ঘক্ষণ লাইন দিয়েও প্রয়োজনীয় অর্থ হাতে না পাওয়ায় জনগণের মধ্যে ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Nov 2016, 07:24 PM

Updated : 11 Oct 2022, 09:02 PM

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শনিবার দিনও লাখ লাখ মানুষ ব্যাংকগুলোর সামনে ঘণ্টার পর ঘণ্টা লাইন ধরে দাঁড়িয়ে ছিল। ব্যাংকগুলোকে গ্রাহকদের চাহিদা মেটাতে হিমশিম খেতে হয়েছে।

রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরভিন্দ কেজরিওয়াল বলেন, “সর্বত্র বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে।”

“প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ধনীদের অবৈধ অর্থ লক্ষ্য করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। অথচ তার এই সিদ্ধান্তের ধাক্কায় গরীবদের দৈনন্দিন জীবন ও তাদের কাজকর্ম বিপর্যস্ত হয়ে পড়েছে। আর নতুন আইনের ফাঁক গলে ধনীদের অর্থ ঠিকই পালানোর পথ পেয়ে গেছে।”

রয়টার্স জানায়, শনিবার দক্ষিণ দিল্লিতে স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের একটি শাখায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে লাইনে থাকা গ্রাহকদের বাকবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে গ্রাহকরা ব্যাংকের কাঁচের তৈরি প্রবেশদ্বার ভেঙ্গে ফেলার চেষ্টা করে।

নিরাপত্তারক্ষীরা জানায়, ব্যাংকের ভেতর প্রচুর মানুষ জড়ো হয়ে যাওয়ায় তারা বাইরে অপেক্ষমানদের ভেতরে যেতে বাধা দিয়েছিল।

দেশের এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রী মোদীর জাপান সফর নিয়েও সমালোচনা করেছে বিক্ষুব্ধ জনতা।

ছয় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকা কলেজ শিক্ষার্থী প্রভাত কুমার বলেন, “এখানে বৃদ্ধ লোকজনও অর্থের জন্য ব্যাংকের দ্বারে মাথা ঠুকে মরছে আর তিনি জাপানে গিয়ে বুলেট ট্রেনে চড়ছেন।”

“তিনি ভয়ঙ্কর ভুল করেছেন।”

দুর্নীতি ও কালো টাকার বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি মোদীর।

জাপানের কোবে নগরীতে বসবাসরত ভারতীয়দের মাঝে বক্তৃতা দেওয়ার সময় মোদী বলেন, “দেশকে দুর্নীতি মুক্ত করার এই অভিযানে এমনকি ১৯৪৭ সালে স্বাধীনতা পরবর্তী যেকোনো সময়ে আয়কর ফাঁকির ঘটনা খুঁজে বের করা হবে। প্রয়োজনে আমি এজন্য লোক ভাড়া করবো।”

“আমি বুঝতে পারছি আমার সিদ্ধান্তের কারণে জনগণকে ভোগান্তি পোহাতে হচ্ছে। কারণ নতুন নোট ব্যাংকগুলোতে পেৌঁছাতে নানা রকম ঝামেলা হচ্ছে। কিন্তু আমি জানি, দুর্নীতির বিরুদ্ধে এই যুদ্ধে এবং ভারতকে দারিদ্রমুক্ত করতে জনগণ আমার পাশ থাকবে।”

ভারতের ২ লাখ ২ হাজার এটিএম বুথের মধ্যে প্রায় অর্ধেকই শুক্রবার অচল ছিল।  বাকি যেগুলো কাজ করছিল সেগুলোতেও খোলার প্রায় সঙ্গে সঙ্গে নতুন নোট শেষ হয়ে যায়।

নগদ অর্থ সঙ্কটের কারণে দেশটির বিভিন্ন বাজার ও বিপনীবিতান বন্ধ রয়েছে। মুম্বাইয়ের বাসিন্দারা রয়টার্সকে জানান, সেখানে মুদি দোকানে লবনের দশগুণ দাম দেওয়ার বিনিময়ে পুরাতন নোট নিচ্ছেন বিক্রেতা।

ব্যাঙ্গালুরুতে অনেকে পুরাতন নোট দিয়ে ‘ওয়ান টাইম ইন্সুরেন্স পলিসি’ কিনছে।

আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত জনগণ পুরাতন ৫০০ ও ১০০০ রুপির নোট বিনিময় করে ব্যাংক থেকে নতুন নোট নিতে পারবে।

ভারতের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কাছে পর্যাপ্ত নতুন নোট আছে এবং সেগুলো দেশজুড়ে ব্যাংকগুলোতে পেৌঁছে দেওয়া হচ্ছে।