প্রেসিডেন্ট হিসেবে বার্ষিক ১ ডলার বেতন নিবেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্রেসিডেন্টের হিসেবে দায়িত্বপালনের জন্য তিনি বার্ষিক চার লাখ ডলার বেতনের মধ্যে মাত্র এক ডলার গ্রহণ করবেন এবং কোনো ছুটি নিবেন না।
রোববার যুক্তরাষ্টের সিবিএস টেলিভিশন চ্যানেলের ‘সিক্সটি মিনিট’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন বলে জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) ।
প্রেসিডেন্ট হিসেবে বেতন গ্রহণ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে ৭০ বছর বয়সী ট্রাম্প বলেন, “না, আমি বেতন নিবো না। আমি এটি নিচ্ছি না।”
সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চলাকালে প্রচারণামূলক এক ভিডিওতে তিনি বেতন নিবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন।
তিনি বলেন, “আমার ধারণা আইন অনুযায়ী আমার এক ডলার নেওয়া উচিত, তাই আমি বছরে এক ডলার নিব।”
ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বেতন কত তা তিনি জানেন না। তিনি আরও জানান, প্রেসিডেন্টের দায়িত্বপালনকালে তিনি কোনো ছুটি গ্রহণ করবেন না।
“আমাদের অনেক কাজ আছে। করার মতো অনেক কাজ বাকী আছে,” বলেন তিনি।
“আমি এগুলো করতে চাই। আমরা কর হ্রাস করছি, আমরা স্বাস্থ্যসেবা দেখভালের দায়িত্ব নিচ্ছি। আমি বোঝাতে চাচ্ছি, করার মতো অনেক কাজ বাকী।”
তাই আমি মনে করি না আমরা বড় কোনো ছুটি নিব, না,” নিজের ছুটি নেওয়ার বিষয়টি বাতিল করে বলেন তিনি।
গত মঙ্গলবার ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হন রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প।
