২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে পড়ল ‘মহাকাশের আবর্জনা’

মিয়ানমারের উত্তরাঞ্চলে একটি খনি এলাকায় আকাশ থেকে বড় একটি রহস্যময় ধাতব বস্তু মাটিতে পড়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2016, 09:25 PM

Updated : 12 Apr 2022, 03:16 AM

সিলিন্ডারের মত দেখতে সাড়ে চার মিটার লম্বা ও এক মিটারের কিছু বেশি চওড়া বস্তুটি বৃহস্পতিবার কাচিন রাজ্যে খুঁজে পাওয়া যায়।

একই সময়ে আরও একটি ধাতব বস্তু কাছের একটি বাড়ির ছাদের উপর পড়ে, তবে এতে কেউ আহত হয়নি।

ছাদের উপর পড়া বস্তুটিতে চীনা ভাষায় কিছু লেখা আছে।

মিয়ানমারের পত্রিকা ‘দ্য গ্লোবাল নিউ লাইট’ এর খবরে বলা হয়, ধাতব বস্তুটি মাটিতে পড়ার আগে স্থানীয় বাসিন্দারা জোরে কিছুতে আঘাতের মত শব্দ পায়।

স্থানীয় বাসিন্দা কো মাউং মাইও মিয়ানমার টাইমসকে বলেন, “বস্তুটি মাটিতে পড়ার প্রচণ্ড শব্দে আমরা সবাই ভয় পেয়ে গিয়েছিলাম।”

“প্রথমে আমরা ভেবেছিলাম যুদ্ধ শুরু হয়ে গেছে। বিস্ফোরণে আমাদের বাড়িটি কেঁপে উঠে। এরপর আমরা আমাদের গ্রাম থেকে ধোঁয়া উঠতে দেখি।”

মিয়ানমারের গণমাধ্যমের খবরে বলা হয়, খুব সম্ভবত এ দুর্ঘটনার সঙ্গে চীনের ভূউপগ্রহ উৎক্ষেপণের সম্পর্ক আছে।

বিবিসি জানায়, ভূউপগ্রহ উৎক্ষেপণ পরীক্ষার অংশ হিসেবে বুধবার রাতে জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে লং মার্চ ইলেভেন রকেট উৎক্ষেপণ করে চীন।