নিউ জার্সিতে ছুরিকাঘাতে নিহত ৩
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে একটি বাড়িতে ছুরিকাঘাতে দুই শিশুসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছে।
পুলিশ জানায়, শনিবার নিউ জার্সির নিউয়ার্ক শহরে এ ঘটনা ঘটে। কর্তৃপক্ষ নিহত অন্তত একজনের পরিচিত এক ব্যক্তিকে খুঁজছে। ওই ব্যক্তিকে ধরতে জনগণের সহায়তা কামনা করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে নিউয়ার্ক পাবলিক সেফ্টির পরিচালক অ্যান্থনি অ্যামব্রস বলেন, “শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে পুলিশ ওই বাড়িতে যায় এবং তৃতীয় তলার মেঝেতে ছুরিকাঘাতে হতাহত ছয়জনকে দেখতে পায়। একজনকে পুলিশ মৃত অবস্থায় উদ্ধার করে। বাকি দুইজন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।”
আহত তিনজনের চিকিৎসা চলছে বলেও জানান তিনি। নিহতদের মধ্যে ২৩ বছরের এক তরুণী এবং ৮ বছরের একটি মেয়ে ও ১১ বছরের একটি ছেলে রয়েছে।
আহতরা হলেন, ২৯ বছর বয়সী এক নারী এবং ১৩ বছর বয়সী একজন কিশোর ও একজন কিশোরী। শনিবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
