২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় বিক্ষোভ: অস্ট্রেলিয়া সফর স্থগিত করেছেন উদোদো

ধর্ম অবমাননার অভিযোগে জাকার্তার গভর্নরের পদত্যাগের দাবিতে শুরু হওয়া বিক্ষোভ সহিংস আকার ধারন করায় অস্ট্রেলিয়া সফর স্থগিত করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Nov 2016, 07:37 PM

Updated : 12 Apr 2022, 03:13 AM

৬ নভেম্বর তিনদিনের সফরে তার অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল।

রয়টার্সের খবরে বলা হয়, সম্প্রতি এক বক্তৃতায় মুসলিমদের ধর্মগ্রন্থ কোরআনে দেখানো জীবনদর্শন নিয়ে নিজের মতবিরোধ প্রকাশ করেন জাকার্তার গভর্নর বাসুকি তাজাহাজা পুরনামা।

পুরনামার ওই বক্তৃতার পর বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনগোষ্ঠির দেশ ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা শাস্তিস্বরূপ গভর্নরের কারাদণ্ড চাইছে।

জাতিগতভাবে পুরনামা দেশটির আদিবাসী চীনা সম্প্রদায়ের, যিনি খ্রিস্টান ধর্ম পালন করেন।

শুক্রবার জাকার্তায় হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। তারা প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের জন্য প্রেসিডেন্ট প্যালেসের দিকে অগ্রসর হতে থাকে। এক পর্যায়ে টিয়ার গ্যাসের শেল ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ।

দেশটির চরমপন্থি দলগুলোকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে উদোদোকে।

প্রেসিডেন্টের কার্যালয় থকে বলা হয়, বিক্ষোভের সময় উদোদো বিমানবন্দরে একটি রেল প্রকল্প পরিদর্শনে গিয়েছিলেন।

শুক্রবার মধ্যরাতের পর এক সংবাদ সম্মেলনে উদোদো জাকার্তার গভর্নরকে অপসারণের দাবিতে শুরু হওয়া বিক্ষোভের আগুনে ‘রাজনৈতিক নেতারা হাওয়া দিচ্ছেন’ বলে অভিযোগ করেন।

২০১৪ সালে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে উদোদো জাকার্তার গভর্নর ছিলেন এবং পুরনামা তার ডেপুটি গভর্নর ছিলেন।

আগামী বছর ফেব্রুয়ারিতে জাকার্তার গভর্নর নির্বাচন, যেখানে দ্বিতীয় মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতায় নামবেন পুরনামা। আরও দুইজন মুসলিম প্রার্থী গভর্নর পদে নির্বাচন করছেন।

শনিবার এক বিবৃতিতে উদোদোর অস্ট্রেলিয়া সফর বাতিলের ঘোষণা আসে।

বিবৃতিতে বলা হয়, “সর্বশেষ পরিস্থিতি এবং ইন্দোনেশিয়ার বর্তমান অবস্থা বিবেচনা করলে এই মুহূর্তে প্রেসিডেন্ট উদোদোর দেশে থাকা প্রয়োজন। এ কারণে তিনি অস্ট্রেলিয়া সফর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।”

শনিবার এক সংবাদ সম্মেলনে ন্যাশনাল পুলিশের মুখপাত্র বয় রাফলি অমর বলেন, “শুক্রবারের সংঘর্ষে একজন নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হয়েছেন, আহতদের মধ্যে পুলিশ সদস্যরাও রয়েছেন। এছাড়া তিনটি গাড়িতে আগুন এবং ১৮টি গাড়ি ভাংচুর করা হয়েছে।”

মূলত জাকার্তার উত্তরাঞ্চলে সংঘর্ষ হয়, যেখানে অমুসলিম সম্প্রদায়ের বেশিভাগ মানুষের বাস।

একটি দোকানে লুটপাট করার সময় ১৫ জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

স্থানীয় এক বাসিন্দা রয়টার্সকে বলেন, জার্কাতার উত্তরাঞ্চলে আদিবাসী চীনা সম্প্রদায়ের মালিকানাধীন দোকান ও রেস্তোরাঁ শনিবারও বন্ধ ছিল।

পুরনো খবর:

ধর্ম অবমাননা: জাকার্তায় গভর্নরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ