২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কের বিরোধী মতের দৈনিক হুরিয়াতের সম্পাদক আটক

ব্যর্থ অভ্যূত্থানের জের ধরে তুরস্কের প্রধান ধর্মনিরপেক্ষ বিরোধীমতের দৈনিক হুরিয়াৎ এর সম্পাদককে আটক করেছে তুরস্কের পুলিশ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 31 Oct 2016, 06:46 PM

Updated : 12 Apr 2022, 03:11 AM

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার দৈনিকটির সম্পাদকসহ আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে আটক করা হয়েছে। মাত্র একদিন আগে ১৫টি সংবাদমাধ্যম বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে তুরস্ক সরকার।

১৫ জুলাই ব্যর্থ সেনা অভ্যূত্থানের পর তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান সরকার দেশজুড়ে ব্যাপক ধরপাকড় চালায়।

অভ্যূত্থান প্রচেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত সাড়ে তিন মাসে এক লাখের বেশি সরকারি-বেসরকারি কর্মকর্তাদের চাকুরিচ্যুত করা হয়েছে। আটক করা হয়েছে ৩৭ হাজারের বেশি মানুষকে।

ইস্তাম্বুল প্রসিকিউটর কার্যালয়ের কর্মকর্তারা বলেন, দৈনিক হুরিয়াৎ এর কর্মীরা কুর্দি মিলিশিয়া ও ফেতুল্লাহ গুলেনের হয়ে অপরাধ কর্মকাণ্ড করেছেন বলে সন্দেহ করা হচ্ছে।

১৫ জুলাই সামরিক অভ্যূত্থানের সমর্থনে হুরিয়াতে খবর প্রকাশ পাওয়ার অভিযোগের ভিত্তিতে করা তদন্তের পরিপ্রেক্ষিতে দৈনিকটির সম্পাদক ও কর্মীদের আটক করা হয়েছে বলেও জানান তারা।

তুরস্কের হাতে গোনা যে কয়টি গণমাধ্যম এখনও এরদোয়ান সরকারের সমালোচনা করে হুরিয়াৎ তার অন্যতম। হুরিয়াৎ এর অনলাইন সংস্করণে বলা হয়, তাদের ১২ জন কর্মীকে আটক করা হয়েছে। অনেকের বাড়ি থেকে তাদের ল্যাপটপ জব্দ করা হয়েছে।

রয়টার্স জানায়, তুরস্কের নাট্যকার ৭৫ বছর বসয়ী আইদ্বীন এঞ্জিনকেও আটক করা হয়েছে।

সাদা পোশাকের পুলিশ এঞ্জিনকে মেডিকেল চেকআপের জন্য একটি হাসপাতালে নিয়ে গেলে সাংবাদিকরা তাকে গ্রেপ্তারের কারণ জানতে চায়।

জবাবে এঞ্জিন বলেন, “আমি হুরিয়াতের জন্য কাজ করি, এটিই কি যথেষ্ট নয়?”

এর আগে রোববার ১০ হাজার সরকারি কর্মকর্তাকে চাকুরিচ্যুত করা হয়।