২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঈশ্বরের নির্দেশে গালিগালাজ বন্ধের অঙ্গীকার দোতার্তের’

ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দোতার্তে জানিয়েছেন, তিনি আর আপত্তিকর ভাষা ব্যবহার করবেন না বলে ঈশ্বরের কাছে অঙ্গীকার করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2016, 02:59 PM

Updated : 12 Apr 2022, 03:10 AM

বিবিসি বলছে, জাপান সফর শেষে নিজের শহর দাভাও-এ নেমে দোতার্তে বলেন, উড়োজাহাজে থাকাকালীন ঈশ্বর তাকে এ ব্যাপারে ‘আল্টিমেটাম’ দিয়েছিলেন।

বিমানবন্দরে নেমে সাংবাদিকদের তিনি বলেন, “আমি উড়োজাহাজে শুনতে পেলাম কেউ আমাকে বলছে, গালিগালাজ করা বন্ধ কর, নয়তো মধ্যাকাশেই উড়োজাহাজ ধ্বংস হবে। তখন আমি আপত্তিকর ভাষা আর ব্যবহার করবো না বলে অঙ্গীকার করলাম।”

দোতার্তে মাঝে মাঝেই শিষ্টাচার বহির্ভূত ভাষায় পশ্চিমকে আক্রমণ করে থাকেন। তার এই পন্থা দেশে তাকে জনপ্রিয় করে তুলতে সাহায্য করেছে।

ইতিপূর্বে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে ‘বেশ্যার ছেলে’ বলে গালি দিয়েছিলেন, ইউরোপীয় ইউনিয়নকে বলেছিলেন, ‘ভণ্ডামিতে পূর্ণ’। তিনি জাতিসংঘ ছেড়ে যাওয়ারও হুমকি দিয়েছিলেন। তার এইসব আপত্তিকর কথাবার্তায় আন্তর্জাতিক মহলে বেশ সমালোচিত হয়েছে।

দোতার্তে বলেন, তিনি ঈশ্বরের কাছে ওয়াদা করেছেন আর গালিগালাজ করবেন না।

তিনি আরো বলেন, “ঈশ্বরের কাছে অঙ্গীকার করা হচ্ছে ফিলিপিন্সের জনগণের কাছেও অঙ্গীকার করা।”