২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড় ম‌্যাথিউয়ে নর্থ ক‌্যারোলাইনায় মৃত ২৬

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ম‌্যাথিউয়ের আঘাতে যুক্তরাষ্ট্রের নর্থ ক‌্যারোলাইনা অঙ্গরাজ‌্যে মৃতের সংখ‌্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 Oct 2016, 01:46 PM

Updated : 12 Apr 2022, 03:05 AM

কিছু এলাকায় বন‌্যার পানি নেমে যাওয়ার পর আরো দুইটি মৃতদেহ খুঁজে পাওয়াতে মৃতের মোট সংখ‌্যা বেড়ে গেছে বলে শনিবার জানিয়েছেন অঙ্গরাজ‌্যটির গভর্নর প‌্যাট ম‌্যাকক্রোরি।

এক সংবাদ সম্মেলনে তিনি জানান, কুম্বারল‌্যান্ড ও ওয়েনি কাউন্টিতে ডুবে যাওয়া দুটি গাড়ির একটিতে ৫৩ বছর বয়সী এক পুরুষ এবং অপরটিতে ৪৭ বছর বয়সী এক নারীর লাশ পাওয়া যায়।

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের চারটি অঙ্গরাজ‌্যে আঘাত হানা ম‌্যাথিউয়ের আঘাতে দেশটিতে ৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। ঘূর্ণিঝড়টির প্রভাবে গত সপ্তাহে নর্থ ক‌্যারোলাইনায় ৩০ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে।

যুক্তরাষ্ট্রে আঘাত হানার আগে ম‌্যাথিউ হাইতির দক্ষিণাঞ্চলকে লণ্ডভণ্ড করে দেয়, এখানে প্রায় এক হাজার মানুষ নিহত হন।

ম‌্যাকক্রোরি জানিয়েছেন, প্রিন্সভিল, লুম্বারটন এবং ফেয়ার ব্লাফ এখনও পানির নিচে রয়েছে, বৃহস্পতিবারও প্রিন্সভিলে বন‌্যার পানি ঘরের ছাদ ছুঁই ছুঁই করছিল। 

নর্থ ক‌্যারোলাইনার কেন্দ্রীয় ও পূর্বাঞ্চলের ছয়শরও বেশি সড়ক বন্ধ রাখা হয়েছে। এসব সড়কের কোনো কোনোটি ব‌ন‌্যায় ডুবে আছে, অন‌্যগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এখনও অঙ্গরাজ‌্যটির প্রায় ১৩ হাজার বাড়ি ও ব‌্যবসা প্রতিষ্ঠান বিদ‌্যুৎহীন অবস্থায় রয়েছে। ঘূর্ণিঝড়ের পর পানিতে দুই হাজার ৩৩৩টি উদ্ধার অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন ম‌্যাকক্রোরি।