‘রাতের আঁধারের রহস্য’ হেঁয়ালির সমাধান
হাবল স্পেস টেলিস্কোপের মাধ্যমে পাওয়া ছবি ব্যবহার করে করা নতুন একটি গবেষণায় রাতের অন্ধকারের ব্যাখ্যা দেওয়া ২০০ বছরের পুরনো একটি তত্ত্ব প্রমাণ করেছেন বিজ্ঞানীরা।
অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে প্রকাশিত এই গবেষণা ফলাফলের বারাতে শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে ব্রিটিশ ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, প্রমাণ হওয়া এই তত্ত্বটি গত ২০০ বছর ধরে বিজ্ঞানীরা বাতিল করে আসছিলেন।
‘অন্ধকার আকাশের হেঁয়ালি’ নামে পরিচিত জার্মান জ্যোতির্বিদ হেইনরিখ অলবার্সের বিখ্যাত উক্তি ছিল: মহাবিশ্বে যদি অসীম সংখ্যক তারা থাকে, তাহলে আকাশের প্রতিটি বিন্দুতে একটি তারা থাকার পরও রাত কীভাবে অন্ধকার হয়।
তার ব্যাখ্যা ছিল, মহাবিশ্বে ছড়িয়ে থাকা হাইড্রোজেনের মেঘ সম্ভবত তারার আলোর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাই আকাশ ভর্তি তারা থাকা সত্বেও রাত অন্ধকার হয়।
কিন্তু আলবার্সের পরবর্তী জ্যোতির্বিদরা হিসাব করে বলেন, পর্যবেক্ষণ যোগ্য মহাবিশ্বে প্রকৃতপক্ষে এক হাজার থেকে দুই হাজার কোটি গ্যালাক্সি আছে, এ সংখ্যা আকাশ ভরে ফেলার পক্ষে যথেষ্ট নয়, তাই রাতে কেন অন্ধকার নেমে আসে তা ব্যাখ্যার জন্য এই তত্ত্বের দরকার নেই।
তবে এখন, হাবল টেলিস্কোপ ব্যবহার করে জ্যোতির্বিদরা ১৩শ কোটি বছর আগে বিশ্বের উষালগ্ন পর্যন্ত পর্যবেক্ষণ করতে পারছেন এবং জানা মহাবিশ্বে প্রায় দুই লাখ কোটি গ্যালাক্সি আছে বলে হিসাব করেছেন।
মহাবিশ্ব আগের ধারণার তুলনায় আরো অনেক বড় এবং এর চারদিকে অনেক বেশি গ্যালাক্সি রয়েছে বলে তারা দেখতে পেয়েছেন।
হাবলের তথ্য নিয়ে করা গবেষণায় অংশগ্রহণকারী নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের জ্যোতিঃপদার্থবিজ্ঞানী প্রফেসর ক্রিস্টোফার কন্সেলিস বলেন, “গ্যালাক্সি সংখ্যার ১০ বা ততোধিক অতিরিক্ত ফ্যাক্টর আকাশ তারা দিয়ে ভরে দিতে পারবে, কিন্তু ওই তারার অধিকাংশ আলো বা সবচেয়ে দূরবর্তী গ্যালাক্সিগুলো থেকে আসা আলো হাইড্রোজেন গ্যাসের মাধ্যমে শোষিত হয়ে যাবে। এসব গ্যাস আমাদের ও ওইসব গ্যালাক্সিগুলোর মধ্যবর্তী স্থানগুলোতে ছড়িয়ে আছে।
“এই ধারণার কথাই অলবার্স প্রকাশ করেছিলেন। কিন্তু লোকজন তার কথা আমলে নেয়নি, কিন্তু সমস্যাটির সমাধান হিসেবে আমরা তার ধারণাকেই ফিরিয়ে এনেছি।”
তিনি জানান, আলোর বর্ণালি-বিক্ষণের মাধ্যমে অন্যান্য জ্যোতিঃপদার্থবিজ্ঞানীরা মহাবিশ্বে হাইড্রোজেন মেঘের উপস্থিতি প্রমাণ করেছেন।
প্রফেসর কন্সেলিস বলেন, “হাইড্রোজেন দেয়ালের পেছনে আরো গ্যালাক্সি যে আছে তা জানতাম না আমরা।”
হাইড্রোজেন মেঘের কারণে যাদের দেখা যায় না তাদের ছাড়াও আরো গ্যালাক্সি থাকতে পারে, যেগুলো এই মহাবিশ্বের এত দূর অঞ্চলে অবস্থিত যে সেখান থেকে আমাদের কাছে আলো এসে পৌঁছানোর মতো সময় এখনও হয়নি, তাই আমরা তাদের পর্যবেক্ষণও করতে পারি না।
তিনি বলেন, “পরিষ্কারভাবে বললে বলতে হয়, সম্ভবত আছে (আরো গ্যালাক্সি), কিন্তু আমরা জানি না।”
“বহু মহাবিশ্ব থাকতে পারে, দিগন্ত বলতে যা বোঝাই তার পরেও কিছু থাকতে পারে, কিন্তু বিশ্বের শুরু থেকে আলো যতটা দূর যেতে পেরেছে আমাদের দেখার সীমা ঠিক ততটাই,” বলেন তিনি।
