২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নভেম্বরে অ‌্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করবে ইকুয়েডর

লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেওয়া বিশ্বজুড়ে হইচই ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ‌্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ ১৪ নভেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Oct 2016, 10:40 AM

Updated : 12 Apr 2022, 03:04 AM

সুইডেনে ধর্ষণ মামলার ব‌্যাপারে ইকুয়েডর কর্তৃপক্ষ অ‌্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করতে চায়। কিন্তু অ‌্যাসাঞ্জের অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে এই সময় দেওয়া হয়েছে বলে ইকুয়েডরের আইন কর্মকর্তার কার্যালয় থেকে বলা হয়েছে।

অ‌্যাসাঞ্জকে আগামী সোমবার ইকুয়েডরের আইন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করার কথা ছিল। এর মধ‌্যদিয়ে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে অ‌্যাসাঞ্জের চারবছর ধরে আশ্রিত থাকার বিষয়টির একটি সমাধান বেরিয়ে আসতে পারে।

আইন কর্মকর্তার কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাজ‌্যে নিযুক্ত ইকুয়েডরের রাষ্ট্রদূতের মাধ‌্যমে একটি চিঠির মাধ‌্যমে তিনি এই অনুরোধ জানান। তাতে তিনি উল্লেখ করেছেন, নিরাপত্তার নিশ্চয়তা ও আত্মপক্ষ সমর্থনের প্রস্তুতি বিষয়ক কারণে  তিনি এই সময় চেয়েছেন।

সুইডেনের প্রধান আইন কর্মকর্তা ইনগ্রিড ইসগ্রেন এবং পুলিশের একজন তদন্ত কর্মকর্তাকেও এই জিজ্ঞাসাবাদে উপস্থিত থাকার অনুমোদন দেওয়া হবে। তারা পরবর্তী সময়ে তাদের মতামত সুইডেনকে জানাবেন।

সুইডিশ কর্তৃপক্ষ ৪৫ বছর বয়সী অ‌্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করতে চায়। তার বিরুদ্ধে অভিযোগ, ২০১০ সালে দেশটিতে তিনি ধর্ষণের ঘটনা ঘটিয়েছিলেন।

অস্ট্রেলীয় নাগরিক অ্যাসাঞ্জ, যিনি ধর্ষণের অভিযোগে সুইডেনে প্রত্যার্পণ এড়াতে ২০১২ সাল থেকে লন্ডনের একুয়েডর দূতাবাসে অব্স্থান করছেন।

সুইডেনের অনুরোধে যুক্তরাজ্যের পুলিশ ২০১০ সালের ৭ ডিসেম্বর অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করে। নয় দিন পর কঠিন কয়েকটি শর্তে জামিন পান তিনি। পাসপোর্ট জমা রেখে দিনরাত গোড়ালিতে ইলেকট্রনিক ট্যাগ পরা অবস্থায় এক বন্ধুর বাড়িতে থাকার এবং প্রতিদিন থানায় হাজিরা দেওয়ার শর্তে তাকে মুক্তি দেওয়া হয়।

এরপর অ্যাসাঞ্জ উচ্চ আদালতে গেলেও তাকে সুইডেনের কাছে হস্তান্তরের পক্ষে রায় আসে। ওই অবস্থায় ২০১২ সালের ১৯ জুন লন্ডনের ইকুয়েডর দূতাবাসে ঢুকে রাজনৈতিক আশ্রয় নেন অ্যাসাঞ্জ।

দূতাবাসে থাকা অবস্থায় ২০১৪ সালের মাঝামাঝিতে ফুসফুসের সমস্যা ও হৃদরোগে আক্রান্ত হলেও সেখান থেকে বের হননি তিনি। অ্যাসাঞ্জের আহ্বানেই ২০১৪ সালে জাতিসংঘ প্যানেল তদন্ত শুরু করে।

প্যানেলের সুপারিশ বা অ্যাসাঞ্জের দাবি অনুযায়ী তার পাসপোর্ট ফিরিয়ে দেওয়া বা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের কোনো উদ্যোগ যে নেওয়া হচ্ছে না তা স্পষ্ট জানিয়ে দিয়েছে ব্রিটিশ সরকার।

লন্ডনের পুলিশও বলেছে, অ্যাসাঞ্জের বিরুদ্ধে জারি করা ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা বহাল রয়েছে। বেরিয়ে এলে তাকে গ্রেপ্তারের সব চেষ্টাই তারা করবে।

সুইডেনে অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলে নেওয়া হলেও ধর্ষণের আরেকটি মামলা তদন্তাধীন। তার বিরুদ্ধে জারি করা ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানাও বহাল রয়েছে।

ধর্ষণের অভিযোগ অস্বীকার করে অ্যাসাঞ্জ বলে আসছেন, এটি একটি ‘ষড়যন্ত্র’, যাতে তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা যায়।

উইকিলিকস ২০১০ সালে যুক্তরাষ্ট্রের বিপুল সংখ্যক কূটনৈতিক নথি ফাঁস করে দিলে স্পর্শকাতর বিভিন্ন ঘটনায় যুক্তরাষ্ট্রের ভূমিকা ও অবস্থান গণমাধ্যমে চলে আসে, যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বেকায়দায় পড়ে যায় বিশ্বের ‘সবচেয়ে ক্ষমতাধর’ দেশটি।

ওই সময় থেকেই বিশ্বব্যাপী আলোচনায় আসা অ্যাসাঞ্জকে বিচারের জন্য চাইছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখনও উইকিলিকসের ‘অপরাধের’ তদন্ত চলছে।