ট্রাম্পের বিরুদ্ধে এবার ধর্ষণ মামলা
কদর্য, বিতর্কিত সব মন্তব্য করে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিপক্ষ হিলারি ক্লিনটনের সঙ্গে দৌড়ে পিছিয়ে পড়া রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার ধর্ষণের মামলা ঠুকে দিয়েছেন এক নারী।
অভিযোগকারী জেন ডো (ছদ্মনাম) মামলার এজাহারে বলেছেন, ১৯৯৪ সালে তার যখন মাত্র ১৩ বছর বয়স, তখন তিনি ধনকুবের ট্রাম্পের দ্বারা ধর্ষিত হয়েছিলেন।
ফেডারেল জাজ রনি আব্রামস আগামী ১৬ ডিসেম্বর নিউ ইয়র্কের আদালতে মামলাটির শুনানির দিন রেখেছেন বলে যুক্তরাজ্যের দৈনিক ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়েছে।
জেন অভিযোগ করেছেন, ট্রাম্প অন্তত চারটি পার্টিতে তার সঙ্গে যৌনসম্পর্ক স্থাপন করেছেন। চতুর্থবারের সময় ট্রাম্প বিছানায় তাকে বেঁধে ধর্ষণ করেছিলেন।
অর্থ এবং মডেলিংয়ে সুযোগ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে এসব পার্টিতে নেওয়া হয়েছিল বলে দাবি করেছেন এই নারী।
আরেক কোটিপতি জেফরি এপস্টেইন ছিলেন এসব পার্টির আয়োজক। মামলায় ট্রাম্পের সঙ্গে তাকেও আসামি করা হয়েছে।
মামলায় টিফানি ডো নামের একজন সাক্ষীও রয়েছেন। যিনি ট্রাম্প এবং এপস্টেইনের দ্বারা অভিযোকারীকে ধর্ষিত হতে দেখেছেন বলে দাবি করা হয়েছে।
ট্রাম্পের বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ অবশ্য অস্বীকার নাকচ করে দিয়েছেন তার আইনজীবী অ্যালান গার্টেন।
ডোনাল্ড ট্রাম্প- ছবি : রয়টার্স
তিনি বলেন, “বরাবরের মতো আমি এবারও বলছি, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং আমার মক্কেলের সুনাম ক্ষুন্ন করতে এসব হচ্ছে প্রচারণা চালানো হচ্ছে। আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।”
ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নতুন কিছু নয়। এর আগে তার প্রাক্তন স্ত্রী ইভানা তাদের বিচ্ছেদের সময় ট্রাম্পের দ্বারা ধর্ষিত হওয়ার অভিযোগ করেছিলেন।
পরে অবশ্য ইভানা বলেছিলেন, এর সঙ্গে ‘অপরাধ সংঘটনের’ জন্য ইচ্ছা ছিল না।
ট্রাম্প যথারীতি এই অভিযোগও অস্বীকার করেছেন।
জিল হার্থ (৩৪) নামের আরেক নারী ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনেছিলেন আদালতে।
১৯৯৭ সালের ওই ঘটনায় ট্রাম্প ‘অনুমতি’ ছাড়াই তাকে স্পর্শ করেছিলেন বলে অভিযোগ ছিল হার্থের।
দ্বিতীয় দফা নির্বাচনী বিতর্কে প্রতিদ্বন্দ্বী হিলারির স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের নারী কেলেংকারি নিয়ে কথা বলে সমালোচিত হওয়ার মধ্যে নিজে এই মামলার মুখে পড়লেন ট্রাম্প।
গত রোববার টিভি বিতর্কের আগে আগে বিল ক্লিনটনের বিরুদ্ধে যৌন নিগ্রহ ও ধর্ষণের অভিযোগকারী তিন নারী- পলা জোনস, জুয়ানিতা ব্রডরিক ও ক্যাথলিন উইলির সঙ্গে দেখা করেন ট্রাম্প।
ওই বিতর্কের আগেই নারীদের নিয়ে এক যুগ আগে করা ট্রাম্পের অশ্লীল বক্তব্যের একটি ভিডিও টেপ প্রকাশ হয়, যার পর রিপালিকান শীর্ষনেতাদের অনেকেই নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে ট্রাম্পকে ভোট না দেওয়ার ঘোষণা দেন।
এতসব অভিযোগের মধ্যেও বিল ক্লিনটনকে আক্রমণ করতে এখনও ছাড়ছেন না ট্রাম্প।
তিনি এখনও বলছেন, “তারা আরও টেপ ছাড়লেও আমি বিল ক্লিনটন ও হিলারির কাণ্ডের কথা বলে যাব। নারী নিগৃহের গুরু বলব আমি বিল ক্লিনটনকে।”
