বাংলাদেশ সীমান্তের কাছে সেনা পাঠাল মিয়ানমার
সীমান্ত পুলিশের চৌকিতে প্রাণঘাতী হামলার পর বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মুসলিম-সংখ্যাগরিষ্ঠ এলাকায় সেনা পাঠিয়ে নিরাপত্তা জোরদার করেছে মিয়ানমার।
নয় পুলিশ কর্মকর্তাকে হত্যার পর হত্যাকারীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে সোমবার জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
তাদের ধারণা, সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গারা রোববার ভোররাতে পৃথক তিনটি হামলা চালিয়েছে। হামলাকারীরা সীমান্ত পুলিশের ৫০টিরও বেশি আগ্নেয়াস্ত্র এবং ১০ হাজার রাউন্ডেরও বেশি গুলি নিয়ে গেছে বলে জানিয়েছেন তারা।
এসব হামলায় অন্তত নয় পুলিশ সদস্য নিহত, একজন নিখোঁজ ও অপর পাঁচজন আহত হয়েছেন। অপরদিকে আট হামলাকারী নিহত ও দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাউংদাউ টাউনের কর্তৃপক্ষ রোববার পাঁচজনের বেশি মানুষের সমাবেশ নিষিদ্ধ করে জারি করা আদেশের সময়সীমা বাড়িয়েছে এবং সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত সান্ধ্য আইন জারি করেছে।
রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, টাটমাদাউ নামে পরিচিত সামরিক বাহিনী হেলিকপ্টারে করে ঘটনাস্থলে সেনা পাঠিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রদর্শিত ছবিতে ট্রাক ভর্তি পদাতিক সেনাদের দেখা গেছে, তাদেরকে সেখানে মোতায়েন করা হচ্ছে।
ঘটনাস্থল কায়িগানবিইন গ্রামের সীমান্ত রক্ষীদের দপ্তরের কাছাকাছি এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে সেনারা। এখান থেকেই প্রায় ৯০ জনের মতো হামলাকারী অস্ত্রশস্ত্র নিয়ে পাহাড়ের দিকে পালিয়ে গেছে। তবে সেনা অভিযানের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
রাখাইন রাজ্য সরকারের মন্ত্রী মিন অং বলেন, “টাটমাদাউ, পুলিশ বাহিনী ও সীমান্ত বিষয়ক মন্ত্রণালয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য একসঙ্গে কাজ করছে এবং আইন-শৃঙ্খলা স্বাভাবিক করার চেষ্টা করছে।”
তবে তিনি ওই এলাকায় পাঠানো সেনার সংখ্যা প্রকাশ করেননি।
মাউংদাউ এর প্রশাসক ইয়ে হটুট জানান, তিনি কায়িগানবিইন গ্রামের আশপাশের পরিস্থিতি সম্পর্কে কিছু জানেন না।
কায়িগানবিইন গ্রামটি এখন নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে আছে।
তিনি জানান, নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতিতে মাউংদাউয়ের মুসলিম বাসিন্দারা দোকানপাট বন্ধ করে রেখেছেন।
হটুট বলেন, “মাউংদাউতে সব ধরনের নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে, তাই আমরা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নই। সবকিছু ভাল আছে।”
