ইরাক ও সিরিয়ায় ‘এক চতুর্থাংশেরও বেশি’ ভূখণ্ড হারিয়েছে আইএস
মধ্যপ্রাচ্যের জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) তাদের দখলে থাকা এক চতুর্থাংশেরও বেশি এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে।
বিবিসি বলছে, সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স বিশ্লেষকরা (আইএইচএস) জানিয়েছে, ২০১৫ সালের জানুয়ারিতে এই জঙ্গি গোষ্ঠীটির কব্জায় সর্বোচ্চ পরিমাণ এলাকা ছিল। কিন্তু বর্তমানে তারা প্রায় ২৮ শতাংশ ভূখণ্ডের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়েছে।
চলতি বছরের প্রথম ৯ মাসে আইএসের দখলে থাকা ভূমির পরিমাণ ৭৮ হাজার বর্গকিলোমিটার থেকে কমে ৬৫,৫০০ বর্গকিলোমিটারে এসে দাঁড়িয়েছে।
বর্তমানে যে পরিমাণ ভূখণ্ড আইএসের দখলে রয়েছে তা শ্রীলঙ্কার সমান বলে জানিয়েছে আইএইচএসের বিশ্লেষকরা।
চলতি বছরের শুধু জুলাই থেকে অক্টোবরের আগ পর্যন্ত জঙ্গি গোষ্ঠীটি ২,৮০০ বর্গকিলোমিটার ভূখণ্ড হারিয়েছে।
আইএইচএসের পর্যবেক্ষণ বলছে, আইএসের বিরুদ্ধে রাশিয়ার বিমান হামলা কমিয়ে দেওয়ার পর থেকে জঙ্গি গোষ্ঠীটির হাত থেকে ভূমি উদ্ধারের গতিও স্লথ হয়ে পড়েছে।
২০০৩ সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট ইরাকে হামলা চালানোর পর সুন্নি জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার ভেতরেই বেড়ে উঠে আইএস। এরপর দেশটির ভেতর অস্থিরতার সুযোগকে কাজে লাগানো শুরু করে তারা।
২০১১ সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার-আল-আসাদবিরোধী একটি অংশ তাদের সঙ্গে যোগ দেয়। এর মধ্য দিয়ে তারা এটি বিপুল অস্ত্রভাণ্ডারের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং সিরিয়ায় একটি নিরাপদ আশ্রয়ের সন্ধান পায়।
একই সময়ে ইরাক থেকে যুক্তরাষ্ট্র বাহিনী প্রত্যাহার করলে দেশটির শিয়া নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে সুন্নি জনগোষ্ঠীর তীব্র রোষ আইএসকে সুযোগ করে দেয়।
২০১৩ সালে তারা সিরিয়ার একটি বিরাট অংশ দখলে নেয়; তারপর নিজেদের নাম পরিবর্তন করে রাখে ‘ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্য লেভান্ত (সিরিয়া)’। সংক্ষেপে যা দাঁড়ায় আইএসআইএস বা আইএসআইএল।
পরের বছর উত্তর ইরাকের মসুল শহর কব্জা করে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি কাড়ে আইএস। উত্তর ও পশ্চিম ইরাকের বিরাট অংশ দখলে নেওয়ার পর ‘খিলাফত’ প্রতিষ্ঠার ঘোষণা দেন আইএস নেতা আবু বকর আল বাগদাদি।
ওই বছরই বাগদাদের দিকে অগ্রসর হওয়ার পথে ইরাকি কুর্দিশ সংখ্যালঘুদের উপর নির্মম হত্যাযজ্ঞ চালায় আইএস; ইয়াজিদি সম্প্রদায়ের কয়েক হাজার লোককে হত্যা করে, তাদের নারীদেরকে বানায় দাসী। এর মধ্য দিয়ে ধীরে ধীরে একটি আতঙ্কের রূপ নেয় আইএস।
