১২ বছরের শিশু নিহতের পর শ্রীনগরে ফের সান্ধ্য আইন জারি
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের রাজধানী শ্রীনগরে নিরাপত্তা বাহিনীর ছোঁড়া ছররা গুলিতে ১২ বছর বয়সী এক শিশু নিহত হওয়ার পর সেখানে ফের সান্ধ্য আইন জারি করা হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় এ ঘটনার পর ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি সামাল দিতে সান্ধ্য আইন জারি করা হয়।
প্রতিবাদকারীদের লক্ষ্য করে ছোঁড়া গুলির ছররা বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা শিশু জুনায়েদ আহমদের শরীরে আঘাত করলে সে গুরুতর আহত হয়। শ্রীনগরের কেন্দ্রস্থল সাইদপোরার এই বাসিন্দাকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, ওই এলাকায় সংঘর্ষ শুরু হলে নিরাপত্তা বাহিনী ছররা গুলি ছোঁড়ে। তবে জুনায়েদ প্রতিবাদকারীদের সঙ্গে ছিল না বলে নিশ্চিত করেছে পুলিশের সূত্রগুলো।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, “সাইদপোরা এলাকায় নিজেদের বাড়ির মেইন গেটে দাঁড়িয়েছিল সে, এ সময় ছররার একটি ঝাঁক তাকে আঘাত করে।”
জুনায়েদের বুকে ও মাথায় বহু ছররা বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে নিকটবর্তী শের ই কাশ্মির হাসপাতালে নিয়ে যান।
জুনায়েদের লাশ বাড়িতে নিয়ে আসার পর ক্ষুব্ধ শত শত মানুষ রাস্তায় নেমে আসে। তারা সরকার বিরোধী শ্লোগান দেয়।
লাশ নিয়ে কবরস্থানে যাওয়ার পথে নিরাপত্তা বাহিনী ক্ষুব্ধ প্রতিবাদকারীদের লক্ষ্য করে কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে। স্থানীয়রা জানিয়েছেন, জানাযা শুরুর সময় নিরাপত্তা তা বন্ধ করার চেষ্টা করে।
এ সময় ক্ষুব্ধ লোকজন নিরাপত্তা বাহিনীর সঙ্গে ফের সংঘর্ষে জড়িয়ে পড়লে তাদের লক্ষ্য করে কাঁদুনে গ্যাস ও ছররা গুলি ছোঁড়া হয়। এতে বেশ কয়েকজন আহত হন।
জুলাইতে কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হিজবুল মুজাহিদিনের জনপ্রিয় নেতা বুরহান ওয়ানি ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হওয়ার পর থেকে কাশ্মিরজুড়ে অস্থিরতা শুরু হয়। তারপর থেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রতিবাদকারীদের সংঘর্ষে ৯০ জনেরও বেশি মানুষ নিহত ও ১০ হাজারের বেশি আহত হন।
বিচ্ছিন্নতাবাদীদের ডাকা হরতালে কাশ্মিরের স্কুল, কলেজ ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে আছে। এর সঙ্গে যোগ হয়েছে কর্তৃপক্ষের জারি করা সান্ধ্য আইন, শনিবার যা ৯২তম দিনে মতো জারি ছিল।
