ঘূর্ণিঝড় ম্যাথিউয়ে হাইতিতে মৃতের সংখ্যা আটশ ছাড়িয়েছে
আটলান্টিকের ক্যারিবীয় উপকূলে প্রায় এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ম্যাথিউয়ের আঘাতে লণ্ডভণ্ড হাইতিতে মৃতের সংখ্যা আটশ ছাড়িয়েছে।
আমেরিকার সবচেয়ে দরিদ্র দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৮৪২ জনে দাঁড়িয়েছে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।
বার্তা সংস্থাটি বলছে, ঝড়ের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকাগুলোর খবর শুক্রবার আসতে শুরু করায় মৃতের সংখ্যা দ্বিগুণ হয়েছে।
ঝড়ে দেশটিতে ক্ষয়ক্ষতির পুরো চিত্র পেতে আরও কয়েক দিন লেগে যেতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ।
বিবিসি বলছে, ঝড়ের কারণে সৃষ্ট বন্যায় প্লাবিত কিছু প্রত্যন্ত এলাকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ক্ষয়ক্ষতির প্রকৃত হিসাব পেতে সময় লাগছে।
বিশ্ব খাদ্য কর্মসূচির হাইতি পরিচালক কার্লোস ভেলোসো বলছেন, ঝড়ে খুব বেশি ক্ষতিগ্রস্ত কয়েকটি শহরে শুধু আকাশ বা সমুদ্র পথে যাওয়া যায়।
ঘণ্টায় ২৩০ কিলোমিটার ঝড়ো হাওয়া নিয়ে গত মঙ্গলবার থেকে কিউবা ও হাইতি অতিক্রম করতে শুরু করে ম্যাথিউ। শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে সেটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ঊপকূলীয় এলাকার কাছে ছিল। যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টারের তথ্যমতে, সে সময় ডেটোনা সৈকত থেকে ৩৫ মাইল পূর্বে অবস্থানরত ঝড়টি ঘণ্টায় ১৩ মাইল বেগে উত্তর-পশ্চিমে এগোচ্ছিল।
শক্তিশালী এই ঝড় হাইতিতে কী ধ্বংসযজ্ঞ রেখে গেছে তা বের করতে উদ্ধারকর্মীরা কাজ করছেন।
ম্যাথিউয়ের তাণ্ডবে উপকূলীয় এলাকার ঘর-বাড়ি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি সড়কগুলোতে নৌকাসহ ধ্বংস হওয়া বিভিন্ন জিনিসের স্তূপ জমে গেছে। সাগর থেকে উঠে আসা পানিতে আবাসিক এলাকাগুলো ডুবে গেছে। স্থগিত করা হয়েছে রোববার অনুষ্ঠেয় হাইতির বহু প্রতীক্ষিত প্রেসিডেন্ট নির্বাচন।
জাতিসংঘ বলছে, বিশ্বের অন্যতম দরিদ্র এই দেশে এই মুহূর্তে সাড়ে তিন লাখ মানুষের জরুরি সহায়তা প্রয়োজন।
দেশটির দক্ষিণাঞ্চলের অন্যতম প্রধান শহর জেরেমির ৮০ শতাংশ ধ্বংস হয়েছে। আকাশ থেকে নেওয়া সেখানকার ভিডিওফুটেজে ঝড়ে ধ্বংস হয়ে যাওয়া শত শত বাড়িঘর দেখা গেছে। চিকিৎসাকেন্দ্র এবং খাবারের গুদাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
দক্ষিণের আরও তিনটি শহরে কয়েক ডজন মানুষের মৃত্যুর খবর জানিয়েছে রয়টার্স। চাঁতাল গ্রামের মেয়র বার্তা সংস্থাটিকে বলেছেন, তাদের ওখানে ৮৬ জন মারা গেছেন এবং ২০ জনের খোঁজ মিলছে না।
সিভিল প্রটেকশন কর্তৃপক্ষের কর্মকর্তা সেন্ট-ভিক্টর হুয়েন জানিয়েছেন, জেরেমি শহরের নিকটবর্তী পার্বত্য এলাকায় আরও ৮২ জনের মৃতদেহ পেয়েছে তার দল। তবে যোগাযোগের অভাবে কর্তৃপক্ষের তালিকায় তাদের অন্তর্ভুক্ত করতে পারেননি তারা।
দক্ষিণাঞ্চলের রোশ-আ-বাতেও শহরে অন্তত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ক্ষতিগ্রস্ত ৫০ হাজার মানুষকে চিকিৎসা, আশ্রয়, পানি ও স্যানিটেশন সহায়তা দিতে ৬৯ লাখ ডলারের জরুরি আবেদন জানিয়েছে রেডক্রস। ওই সব এলাকায় কলেরা রোগীর সংখ্যা বাড়তে থাকায় মহামারি আকারে তা ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে এ আবেদন জানিয়েছে সংস্থাটি।
২০১০ সালে সহ্স্রাধিক মানুষের প্রাণ কেড়ে নেওয়া ভূমিকম্পের ক্ষত কখনই পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি হাইতি। ওই ভূমিকম্পের পরেও দেশটিতে মহামারি আকারে কলেরা ছড়িয়ে পড়েছিল।
ঘূর্ণিঝড়টি হাইতির পর বাহামায় তাণ্ডব চালিয়ে শক্তি খানিকটা কমলেও বৃহস্পতিবার আবার সেটি শক্তি সঞ্চয় করে ফ্লোরিডার দিকে অগ্রসর হয়।
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বাহামাতেও বিদ্যুাৎ সরবরাহ বিপর্যস্ত হয়ে পড়েছে, উপড়ে গেছে বহু গাছ। সেখানে কোনো প্রাণহানির খবর না মিললেও প্রতিবেশী দেশ ডোমিনিকান রিপাবলিকেও অন্তত চারজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে ফ্লোরিডার উপকূলীয় এলাকাগুলোতে ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে বলে ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে।
ঝড়টি ফ্লোরিডার দক্ষিণাঞ্চলে আঘাত হানলেও তা খুব বিপজ্জনক রয়েছে বলে নাগরিকদের সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
ঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাস ও বন্যার ঝুঁকির কথাও বলেছেন তিনি।
বিবিসি বলছে, ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি স্টেটে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং অন্তত ৩০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।
ফ্লোরিডার পাঁচ লাখের বেশি বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
