২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাইতি, কিউবা হয়ে বাহামা-যুক্তরাষ্ট্রের পথে ম্যাথিউ

প্রায় এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী হারিকেন ম্যাথিউ হাইতি এবং কিউবায় আঘাত হানার পর এখন বাহামা দ্বীপপুঞ্জ এবং যুক্তরাষ্ট্র উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2016, 06:47 PM

Updated : 12 Apr 2022, 03:00 AM

হাইতিতে ম্যাথিউয়ের তাণ্ডবে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এখন পর্যন্ত দেশটিতে দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

যদিও ঘূর্ণিঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনও উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারেনি বলে জানিয়েছে বিবিসি।

ঘণ্টায় ২৩০ কিলোমিটার বাতাসের গতি নিয়ে মঙ্গলবার হাইতি এবং পরে কিউবায় আঘাত হানে চার মাত্রার হারিকেন ম্যাথিউ। সেইসঙ্গে প্রচণ্ড বৃষ্টি এবং উপকূলে ভয়ঙ্কর জলচ্ছ্বাস দেখা দেয়।

রয়টার্সের খবরে বলা হয়, দেশটির অন্তত ১০ হাজার মানুষ আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে।

মিয়ামি-ভিত্তিক ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) এর পক্ষ থেকে বলা হয়, বুধবার ভোর নাগাদ হারিকেন ম্যাথিউ কিছুটা দুর্বল হয়ে তিন মাত্রার ঘুর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এ সপ্তাহের শেষ দিকে এটি ফ্লোরিডায় আঘাত হানতে পারে।

এরই মধ্যে সেখানে সতর্কবার্তা জারি করা হয়েছে। ঝড় মোকাবেলায় প্রস্তুতি নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় শহরগুলো। কোথাও কোথাও জরুরি অবস্থা জারি করা ছাড়াও মানুষজনকে সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ স্থানে।

ওদিকে, হাইতিতে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মুরাদ ওয়াহবা বিবিসি’কে বলেছেন, অতিরিক্ত ভীড় থাকা হাইতির হাসপাতালগুলোতে বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে।

ঝড়ের প্রভাবে ভূমিধস ও গাছ উপড়ে অনেক সড়ক বন্ধ হয়ে গেছে। যার ফলে জরুরি ত্রাণ সরবরাহ ব্যহত হচ্ছে।

রাজধানী পোর্ট-অ-প্রিন্সের সঙ্গে দেশটির দক্ষিণাঞ্চলের সংযোগ স্থাপণকারী একমাত্র সেতুটি বিধ্বস্ত হওয়ায় ওই অঞ্চলে পৌঁছানো খুব কঠিন হয়ে যাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বিবিসি’র খবরে বলা হয়, বন্দর নগরী লেস কাইয়েস এর বর্তমান পরিস্থিতি ‘ভয়াবহ’। সেখানে সড়কগুলো বন্যার পানিতে ডুবে গেছে, অনেক বাড়ির ছাদ ঝড়ে উড়ে গেছে।

উদ্ধার কাজে নিয়োজিত স্থানীয় একটি সংগঠনের পক্ষ থেকে বলা হয়, লেস কাইয়েসে অনেক বাসিন্দা এখন তাদের উদ্ধারের আবেদন করছে। কিন্তু এখন অনেক দেরী হয়ে গেছে, কারণ তাদের উদ্ধার করতে পাওয়ার কোনো পথ এখন নেই।