ফ্লোরিডায় ধেয়ে যাচ্ছে ম্যাথিউ, সরাসরি আঘাতের আশঙ্কা
হাইতিসহ ক্যারিবিয়ান সাগর অঞ্চলে তান্ডবের পর এবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফ্লোরিডায় ধেয়ে যাচ্ছে হারিকেন ম্যাথিউ। প্রাণঘাতী এ ঝড়টি ফ্লোরিডা উপকূলে ‘সরাসরি আঘাত’ হানবে বলে আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা কর্তৃপক্ষ নগরবাসীকে ভয়াবহ রূপ নেওয়া ম্যাথিউর সরাসরি আঘাতের ব্যাপারে সতর্ক করে দিয়ে এর জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে।
মার্কিন কর্মকর্তারা বলছেন, ক্যাটাগরি-চার ঝড়টি ঘণ্টায় ১২৫ কিলোমিটার বেগে ফ্লোরিডার দিকে ধেয়ে যাচ্ছে। এটি গ্র্যান্ড বাহামা দ্বীপপুঞ্জ হয়ে বৃহস্পতিবার রাতেই ফ্লোরিডার পূর্ব উপকূল ঘেঁষে বয়ে যাবে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি)।
এক সংবাদ সম্মেলনে ফ্লোরিডার গভর্নর রিক স্কট ম্যাথিউর আঘাতে ‘সর্বনাশা’ ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করে বলেন, “আমাদের রাজ্যের প্রতিটি মানুষকে এখন সরাসরি আঘাতের জন্য প্রস্তুত হতে হবে।”
“ম্যাথিউ সরাসরি ফ্লোরিডার উপর দিয়ে বয়ে গেলে সর্বনাশা ক্ষয়ক্ষতি হবে। এজন্য আমাদের প্রস্তুত হওয়া প্রয়োজন।”
এরই মধ্যে উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করেছে কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেন, হারিকেন ম্যাথিউ চার মাত্রার ঝড়ের আকারে ফ্লোরিডায় আঘাত হানতে পারে। ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকতে পারে ২০৫ কিলোমিটার (১২৫ মাইল)।
আটলান্টিকের ক্যারিবীয় উপকূলে প্রায় এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ম্যাথিউর আঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হাইতি। ঝড়ের কবলে পড়ে দেশটিতে এখন পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
হাইতির মারাত্মক ক্ষতিগ্রস্ত কিছু এলাকায় এখনও উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারেনি বলে জানিয়েছে বিবিসি।
এর আগে প্রতিবেশী ডোমিনিকান রিপাবলিকে ম্যাথিউর আঘাতে চার জনের মৃত্যু হয়।
মঙ্গলবার সকালে হারিকেন ম্যাথিউ ঘন্টায় ২৩০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে কিউবা ও হাইতির ওপর দিয়ে বয়ে যায়। গমনপথে প্রচণ্ড বৃষ্টিপাতে ওই অঞ্চলের শহরগুলো আকস্মিক বন্যায় ভাসিয়ে দিয়ে যায়। এতে গবাদিপশু, ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ম্যাথিউর তাণ্ডবের কারণে হাইতির বহু প্রতীক্ষিত প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত করা হয়েছে।
হাইতি ও কিউবায় আঘাত হানার পর বুধবার ম্যাথিউ তিন মাত্রার ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বাহামা দ্বীপপুঞ্জ ও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পূর্ব উপকূলের দিকে অগ্রসর হয়।
ফ্লোরিডা ছাড়াও জর্জিয়া ও সাউথ ক্যারোলাইনা উপকূল থেকেও লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে।
যদি ঘুর্ণিঝড়টি আরও উত্তর দিকে অগ্রসহর হয় তবে নর্থ ক্যারোলাইনাও ক্ষতিগ্রস্ত হতে পারে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা উপকূলীয় এলাকায় বসবাস করা লোকজনদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
তিনি বলেন, “যদি স্থানীয় সরকারের পক্ষ থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় তবে আপনার সেটা গুরুত্বের সঙ্গে গ্রহণ করা প্রয়োজন।”
ফ্লোরিডার কয়েকটি এলাকার স্কুল, বিশ্ববিদ্যালয় এবং সরকারি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। সাউথ ফ্লোরিডা বিমানবন্দর থেকে বিমান উঠা-নামাও বিঘ্নিত হচ্ছে।
লোকজন খাবার সংগ্রহ করছে, ফিলিং স্টেশনগুলোর সামনে গাড়ির দীর্ঘ লাইন দেখা গেছে।
