২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার ত্রাণবহরে হামলা বিমান থেকেই, বলছে জাতিসংঘ

জাতিসংঘের এক বিশেষজ্ঞ বলেছেন, ভূ-উপগ্রহের ছবির বিশ্লেষণ থেকেই প্রমাণ পাওয়া গেছে যে,   গতমাসে সিরিয়ায় আলেপ্পোর কাছে ত্রাণবহরে বিমান থেকেই হামলা চালানো হয়েছিল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2016, 10:19 PM

Updated : 12 Apr 2022, 03:00 AM

রাশিয়া ওই হামলার ঘটনাকে ‘সুপরিকল্পিত চাতুরী’ বলে উড়িয়ে দিয়েছে।

১৯ সেপ্টেম্বর সিরিয়ার সংঘাতময় আলেপ্পো নগরীর কাছে বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকায় জাতিসংঘের ত্রাণ বহরে ভয়াবহ বিমান হামলায় ১৮ জন নিহত হয়।

হামলার সময় উরুম আল-কুবরায় অবস্থিত সিরিয়ান আরব রেড ক্রিসেন্টের একটি গুদামে লরি থেকে ত্রাণ নামানোর কাজ চলছিল। হামলায় বহরে থাকা ৩১টি লরির মধ্যে ১৮ টি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়।

জাতিসংঘ অপারেশনাল স্যাটেলাইট এপ্লিকেশন প্রোগ্রাম (ইউএনএসএটি) এর গবেষণা উপদেষ্টা লারস ব্রমলি এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, “আমরা হামলার ছবি পেয়েছি। এটি বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছি যে বিমান হামলাই হয়েছে। অন্যান্য সূত্রগুলোও সেকথাই বলবে বলে আমি মনে করি। ছবিতে সেখানে ক্ষয়ক্ষতি স্পষ্টই দেখা গেছে।”

ত্রাণবহরে ওই হামলা যুদ্ধাপরাধ হিসাবে গণ্য হতে পারে বলে জানিয়েছেন জাতিসংঘের কর্মকর্তারা।

রুশ বিমান থেকে হামলাটি চালানো হয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। তবে রাশিয়া হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। তারা বলে আসছে, ত্রাণবাহী লরিগুলোতে দুর্ঘটনাবশত আগুন লেগে থাকতে পারে। কিংবা এগুলো যুক্তরাষ্ট্রের বিমান হানা বা বিদ্রোহীদের হামলাতেও ধ্বংস হয়ে থাকতে পারে।

সিরিয়ার গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন করছে রাশিয়া। আর যুক্তরাষ্ট্র সমর্থন করছে বিদ্রোহীদের।

হামলার ঘটনা তদন্তে জাতিসংঘের মহাসচিব বান কি-মুন অভ্যন্তরীন তদন্ত কমিটি গঠন করেছেন।