২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্লুটোনিয়াম ধ্বংসের চুক্তি স্থগিত রাশিয়ার

যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ত্র তৈরির উপযোগী বাড়তি প্লুটোনিয়াম ধ্বংসের চুক্তি স্থগিত করেছে রাশিয়া।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Oct 2016, 11:10 PM

Updated : 12 Apr 2022, 02:59 AM

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, সোমবার একটি ডিক্রি সই করে ২০১০ সালের এ চুক্তি স্থগিত করার নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্র চুক্তি বাস্তবায়ন করছে না এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্কে সাম্প্রতিক উত্তেজনার কারণে চুক্তিটি স্থগিত করা হয়েছে।

চুক্তিতে উভয় দেশ পরমাণু অস্ত্র তৈরির উপকরণ ধ্বংসের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল।

স্নায়ুযুদ্ধের সময়ের দুই প্রতিদ্বন্দ্বী রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি আবার নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে, বিশেষ করে ইউক্রেইন ও সিরিয়ায় গৃহযুদ্ধ নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে বিশ্বের প্রভাবশালী এ দুই দেশ।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০০ সালে যুক্তরাষ্ট্র ও রাশিয়া নিজেদের সংগ্রহে থাকা অস্ত্র তৈরি-উপযোগী উদ্বৃত্ত প্লুটোনিয়াম ধ্বংস করা নিয়ে প্রথম চু্ক্তি সই করে। তবে চুক্তিটি কার্যকর হয় ২০১০ সালে।

সে বছর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন নতুন করে আবারও চুক্তি সই করেন। সেবার উভয় দেশ পরমাণু অস্ত্র তৈরি-উপযোগী ৩৪ টন প্লুটোনিয়াম ধ্বংসের অঙ্গীকার করে।

ক্রেমলিনের মুখপাত্র পেসকভ একটি কনফারেন্স কলে সাংবাদিকদের বলেছেন, “দীর্ঘ দিন ধরে রাশিয়া একতরফাভাবে এই চুক্তি বাস্তবায়ন করে আসছে।”

“এখন উভয় দেশের মধ্যে চলমান বৈরী সম্পর্ক বিবেচনায় নিয়ে রাশিয়ার পক্ষে এককভাবে এটি চালিয়ে নেওয়া অসম্ভব।”