যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নালিশে চীন-রুশ সমর্থন আছে: দোতার্তে
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নালিশ করে রাশিয়া ও চীনের সমর্থন পেয়েছেন বলে দাবি করছেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দোর্তাতে।
গত মাসে লাওসে আসিয়ান সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের সঙ্গে বৈঠক করেন দোতার্তে।
রোববার এক বক্তৃতায় ওই বৈঠকের বিষয়ে দোতার্তে বলেন, “আমি মেদভেদেভের সঙ্গে দেখা করেছি। সেখানে আমি তাকে কি বলেছি তা আপনাদের বলছি।”
“আমি তাকে বলেছি, তাদের (যুক্তরাষ্ট্র) কারণে আমাকে খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে; তারা আমাকে অসম্মান করেছে এবং তারা নির্লজ্জ্ব। আমেরিকানরা আসলে এরকমই। তিনি বলেছেন, ‘আমরা আপনাকে সাহায্য করব।”
তবে এই সাহায্য করা বলতে আসলে কি বোঝানো হয়েছে সে বিষয়ে দোতার্তে পরিষ্কার কিছু বলেননি।
প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন দোতার্তে। তিনি প্রশাসনকে মাদক চোরাকারবারীদের ‘দেখা মাত্র গুলির’ অনুমতি দেন।
এর পরিপ্রেক্ষিতে ফিলিপিন্সে বিচার বর্হিভূত হত্যা অনেক বেড়ে যায়। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র ও মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্রের এ উদ্বেগের সমালোচনা করতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ‘বেশ্যার পুত্র’ বলে গালি দেন দোতার্তে।
জবাবে লাওসে ওবামা-দোতার্তে বৈঠক বাতিল করে যুক্তরাষ্ট্র।
রাশিয়া ছাড়াও চীনের কাছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নালিশ করার কথা জানিয়েছেন দোতার্তে।
দোতার্তের দাবি, চীন তাকে বলেছে, ফিলিপিন্স যুক্তরাষ্ট্রের পক্ষে থাকলে লাভবান হবে না।
তবে চীনের কোন কর্মকর্তা একথা বলেছেন বা কখন এমন মন্তব্য করেছেন তা তাৎক্ষণিকভাবে পরিস্কার জানা যায়নি।
সম্প্রতি বেশ কয়েকটি বক্তৃতায় দোতার্তে রাশিয়া ও চীনের সঙ্গে নতুন করে সরাসরি ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের ইচ্ছা প্রকাশ করেছেন, বিশেষ করে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন বাণিজ্য কর্মকর্তা ও কূটনীতিক রয়টার্সকে বলেন, আগামী ১৯ থেকে ২১ অক্টোবর বাণিজ্য প্রতিনিধিদের নিয়ে বেইজিংয়ে যেতে পারেন দোতার্তে।
