২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে খুলে দেওয়া হল উগ্রপন্থিদের হামলায় বন্ধ চার্চ

ফ্রান্সের উত্তর নরম্যান্ডি অঞ্চলে ইসলামি উগ্রপন্থিদের হামলায় যাজক নিহতের ঘটনায় বন্ধ চার্চ আবার খুলে দেওয়া হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2016, 11:47 AM

Updated : 12 Apr 2022, 03:00 AM

চলতি বছরের ২৬ জুলাই ওই চার্চে ধারাল অস্ত্রধারীদের হামলায় এক যাজক নিহত এবং অন্য একজন গুরুতর আহত হয়েছিলেন।

বিবিসি বলছে, চার্চটি পুনরায় খুলে দেওয়া উপলক্ষ্যে নরম্যান্ডির সেন্ট-এতিয়েন-দ্যু-হুভে শহর জুড়ে একটি বিশেষ ধর্মীয় অনুষ্ঠান পরিচালিত হয়।

চার্চের আর্চবিশপ রোয়েন ডোমিনিক লিবার্ন শুদ্ধিকরণের অংশ হিসেবে পবিত্র পানি ছিটিয়ে দেন।

অনুষ্ঠানটিতে মুসলিম সম্প্রদায়ের অনেকেই অংশ নিয়েছেন। শহরের একটি অংশে বড় পর্দার মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।

গেল ২৬ জুলাই মঙ্গলবার সকালে ‘মর্নিং ম্যাস’ চলার সময়  ছুরি হাতে দুই ব্যক্তি নরম্যান্ডির সেন্ট-এতিয়েন-দ্যু-হুভে শহরের ওই চার্চে ঢুকে পড়ে এবং সেখানে অবস্থান করা ব্যক্তিদের জিম্মি করে বলে পুলিশ জানিয়েছিল।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই হামলাকারীকে গুলি করে হত্যার পর জিম্মিদের উদ্ধার করে।

হামলাকারীরা মোট পাঁচ জনকে জিম্মি করেছিল বলে জানায় পুলিশ। সেখান থেকে  একজন যাজকের গলা কাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত ফাদার জ্যাক এমেলের বয়স ছিল ৮৪ বছর।

মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)   হামলার দায় স্বীকার করেছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অলন্দ বলেছিলেন, “আইএস-এর বিরুদ্ধে যুদ্ধে ফ্রান্সের সর্বশক্তি নিয়োগ করা উচিত।”

প্রসঙ্গত, এর আগে ১৪ জুলাই বৃহস্পতিবার রাতে বাস্তিল দিবস উদযাপন করতে বহু মানুষ ফ্রান্সের নিস শহরে ভূমধ্যসাগর তীরবর্তী বিখ্যাত প্রমেনেদ দেজাঙ্গলে চত্বরে জড়ো হয়েছিল।

আতশবাজির প্রদর্শনী শেষ হওয়ার পরপরই স্থানীয় সময় রাত ১১টার দিকে সেই ভিড়ের মধ্যদিয়ে ২৫ টনি ট্রাক চালিয়ে প্রায় দুই কিলোমিটার রাস্তা এগিয়ে যায় ৩১ বছর তিউনিসীয়বংশোদ্ভূত ফরাসি মোহাম্মদ ল্যউইজ-বুলেল নামের এক ব্যক্তি। এতে ৮৪ জন নিহত হন।

পুলিশ পরে চালককে গুলি করে হত্যা করে ট্রাকটি থামায়।

তারও আগে গেল বছরের ১৩ নভেম্বর প্যারিসের একটি কনসার্ট হলে ও অন্যান্য স্থানে সন্ত্রাসীরা বোমা ও অস্ত্র নিয়ে হামলা চালানোর ঘটনায় শতাধিক ব্যক্তি নিহত হন।