২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্চে ব্রেক্সিট প্রক্রিয়া শুরু করবে যুক্তরাজ্য

আগামী বছর মার্চের শেষ নাগাদ আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2016, 05:25 PM

Updated : 12 Apr 2022, 02:59 AM

বিবিসি কে রোববার মে বলেন, লিসবন চুক্তির আর্টিকেল ফিফটি কার্যকরের মধ্য দিয়েই এ আনুষ্ঠানিক ব্রেক্সিট প্রক্রিয়া শুরু হবে।

তার মানে হচ্ছে, ২০১৭ সালে এ প্রক্রিয়া শুরুর দু’বছর পর অর্থাৎ, ২০১৯ সালেই ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পথে রয়েছে যুক্তরাজ্য।

ব্রেক্সিটের পক্ষের শিবির দুবছরের আলোচনা প্রক্রিয়া যত তাড়াতাড়ি সম্ভব শুরুর আহ্বান জানাচ্ছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী মে এর আগে কেবল বলেছিলেন, ব্রেক্সিট প্রক্রিয়া এ বছর শুরু করবেন না তিনি।

তবে রোববার বিবিসি’র এন্ড্রু মার শো’ তে তিনি সুনির্দিষ্ট সময় বলে দিয়ে এ বিষয়টিতে সরকারের সময়সীমা নিয়ে জল্পনা দূর করলেন। ২০১৭ সালের মার্চ মাস শেষের আগেই আর্টিকেল ফিফটি চালু করা হবে বলে জানিয়েছেন মে।

ইইউ ত্যাগের প্রক্রিয়া বেশ জটিল হবে বলে উল্লেখ করেছেন মে। তবে এ ব্যাপারে এখন ইইউ এর বাদবাকী সদস্যদের সঙ্গে অনেক প্রস্তুতিমূলক কাজ করে নেওয়া যাবে, আর এতে করে ব্রেক্সিট প্রক্রিয়া শুরু হলে আলোচনাও নির্বিঘ্নে চলতে পারবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।