২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া-রাশিয়াকে বিমান হানা বন্ধের আহ্বান কেরির

সিরিয়ার রণক্ষেত্রে অবিলম্বে সব ধরনের বিমান হানা বন্ধের জন্য সিরিয়া সরকার ও রাশিয়াকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2016, 11:34 PM

Updated : 12 Apr 2022, 02:54 AM

ত্রাণবহরে বিমান হামলার পর সিরিয়ার অবরুদ্ধ আলেপ্পো ও অন্যান্য এলাকাগুলোতে মানবিক ত্রাণ সরবরাহের পথ সুগম করা এবং যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে এ আহ্বান জানান তিনি।

বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কেরি বলেন, বিমান উড়ানো বন্ধ রাখলে সিরিয়ায় ৫ বছরের গৃহযুদ্ধ অবসানের চেষ্টায় আস্থা ফিরবে এবং মানবিক ত্রাণ সরবরাহও অবাধে সিরিয়ায় পৌঁছতে পারবে।

তিনি বলেন, সোমবার ত্রাণবহরের ওপর বিমান হামলায় ২০ জন নিহত হওয়ার ঘটনায় যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে চলার ব্যাপারে রাশিয়া এবং সিরিয়া সরকারের সদিচ্ছা নিয়ে ঘোরতর সংশয় সৃষ্টি হয়েছে।

মস্কো ত্রাণবহরে হামলার দায় অস্বীকার করেছে। রাশিয়ার প্রতিরক্ষান্ত্রণালয় এখন বলছে, ত্রাণবহরটি যেখানে হামলার কবলে পড়ে সেখানে যুক্তরাষ্ট্রের একটি চালক বিহীন বিমান (ড্রোন) ছিল। ওই ড্রোনই ত্রাণবহরে আঘাত হেনে থাকতে পারে।

ওই হামলার কারণে ৯ দিন আগে সিরিয়ায় যুক্তরাষ্ট্র-রাশিয়ার উদ্যোগে শুরু হওয়া অস্ত্রবিরতি ভেঙে পড়েছে। ত্রাণবহরে হামলার পর জাতিসংঘ সিরিয়ায় ত্রাণকাজ স্থগিত রেখেছে।

এর পরিপ্রেক্ষিতেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কেরি বলছেন, পরিস্থিতি সামাল দিয়ে ত্রাণকাজের পথ সুগত করতে বিমান উড্ডয়ন বন্ধ হওয়া দরকার।

ত্রাণবহরে হামলার ঘটনা সিরিয়ায় শান্তি স্থাপনের প্রচেষ্টায় বড় ধরনের ধাক্কা বলে মন্তব্য করেন তিনি।

ওদিকে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ওই হামলার ঘটনার পুঙ্খানুপুঙ্খ এবং নিরপেক্ষ তদন্ত দাবী করেছেন।

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা  দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বুধবার  জানায়, আলেপ্পোর কাছে রাতভর সিরিয়া কিংবা রুশ যুদ্ধবিমানের হামলায় চারজন চিকিৎসাকর্মী এবং অন্ততপক্ষে নয়জন বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছে।

আলেপ্পোর দক্ষিণপশ্চিমাঞ্চলীয় খান টোমান শহরে বিমান অভিযান চালানো হয় বলে জানায় সংস্থাটি।