বিশ্বকে গুলেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তুরস্কের
যুক্তরাষ্ট্র প্রবাসী তুর্কী ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনকে ‘জঙ্গি’ আখ্যা দিয়ে বিশ্ব নেতাদের কাছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান।
জাতিসংঘ অধিবেশনে বক্তৃতা দেওয়ার সময় এ আহ্বান জানান তিনি।
এরদোয়ান বলেন, “এ মঞ্চ থেকে আমি আমার সব মিত্রদের গুলেনপন্থি জঙ্গি সংগঠনের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। জাতিসংঘের নিজেদের নিরাপত্তা ও জাতিসংঘভূক্ত দেশগুলোর নিরাপত্তার জন্যই আমি এ আহ্বান জানাচ্ছি।”
“আমাদের নিজেদের অভিজ্ঞার ভিত্তিতে বলছি, যদি এখনই গুলেন নেটওয়ার্কের বিরুদ্ধে যুদ্ধ শুরু না করা যায় তবে হয়ত পরে তা অনেক দেরী হয়ে যাবে।”
জুলাইয়ে তুরস্কে ব্যর্থ সেনা অভ্যূত্থানের পেছনে গুলেনের হাত রয়েছে বলে দাবি এরদোয়ানের। যদিও গুলেন ওই অভিযোগ অস্বীকার করেছেন।
১৯৯৯ সাল থেকে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বসবাস করছেন গুলেন।
তুরস্ক সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছে গুলেনকে হস্তান্তর অথবা আটক করার অনুরোধ করা হয়েছে।
সোমবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এরদোয়ান বলেন, “যুক্তরাষ্ট্রের গুলেনের মত একজন সন্ত্রাসীকে আশ্রয় দেওয়া উচিৎ না। সেইসঙ্গে বিশ্ব জুড়ে তার সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করা উচিৎ।”
