২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্ক হামলায় অভিযুক্ত ‘লাদেন ভক্ত রাহামি’

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে বোমা বিস্ফোরণের ঘটনায় মূল সন্দেহভাজন আফগান  বংশোদ্ভূত আহমাদ খান রাহামির বিরুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারসহ ১০ টি অভিযোগ এনেছেন কেন্দ্রীয় কৌঁসুলিরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2016, 08:10 PM

Updated : 11 Oct 2022, 08:44 PM

তারা বলছেন, রাহামি জঙ্গি গোষ্ঠী আল কায়দার প্রতিষ্ঠাতা প্রয়াত ওসামা বিন লাদেনের ভক্ত এক জিহাদি। যিনি শহীদ হওয়ার আকাঙ্খা পোষণ করতেন এবং লাদেনের প্রশংসাও করেছেন।

মাত্র ৭ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন রাহামি। একটি রোজনামচায় তিনি লিখেছেন, “ইনশাআল্লাহ, সড়কে বোমা বিস্ফোরণের শব্দ শোনা যাবে। আপনাদের পুলিশকে লক্ষ্য করে গুলি করা হবে। আপনাদের নির্যাতনের অবসান হবে।”

“আমি শাহদাৎ বরণ করতে চাই এবং ইনশাআল্লাহ আমার এ ডাকে সাড়া দেওয়া হবে।”

কৌঁসুলিদের অভিযোগ, রাহামি অনলাইনে বোমা তৈরির সরঞ্জাম কিনেছিলেন। তৈরি করেছিলেন ঘরে বানানো বোমা পরীক্ষার ভিডিও। আফগানিস্তান, ইরাক, সিরিয়া এবং ফিলিস্তিনে যুক্তরাষ্ট্রের ‘মুজাহিদিন খতম’ অভিযানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়া একটি ম্যাগাজিনও ছিল তার কাছে।

রাহামি  তার রোজনামচায় ওসামা বিন লাদেন, আনোয়ার আল-আওলাকি (আমেরিকান বংশোদ্ভূত আল-কায়দার অন্যতম প্রধান নেতা যিনি ২০১১ সালে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হন) ও নিডাল হাসানেরও (যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সাইকোলজিস্ট যিনি ২০০৯ সালে টেক্সাসে  গুলি করে ১৩ জনকে হত্যা ও ৩২ জনকে আহত করেন) প্রশংসা করেন।

শনিবার নিউ ইয়র্কে ম্যানহাটনের চেলসি এলাকায় স্প্লিন্টার ভর্তি প্রেশার কুকার বোমার বিস্ফোরণে ৩১ জন আহত হয়। ওই বিস্ফোরণের কিছুক্ষণ পর কয়েক ব্লক দূরে একই ধরনের আরেকটি বোমা পাওয়া যায়।

এর কয়েক ঘণ্টা আগে পার্শ্ববর্তী অঙ্গরাজ্য নিউ জার্সিতে একটি চ্যারিটি রেসের পথিমধ্য ডাস্টবিনে একটি পাইপ বোমার বিস্ফোরণ হয়। যদিও এ ঘটনায় কেউ হতাহত হননি।

সোমবার নিউ জার্সি থেকে  সন্দেহভাজন রাহামিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের সময় তার হাতে  রোজনামচাটি ছিল। সেখানেই তিনি উপরের কথাগুলো লেখেন।

গ্রেপ্তারের আগে পুলিশের সঙ্গে রাহামির গোলাগুলি হয়। এতে রাহামিসহ দুই পুলিশ কর্মকর্তা আহত হন।

নিউ ইয়র্কের পুলিশ কমিশনার জেমস ও’নিল বলেছেন, “রাহামিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও মঙ্গলবার তার অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে পুলিশ এখন তার জবানবন্দি নিতে পারেনি।”

নিউ ইয়র্ক ও নিউ জার্সির ফেডারেল প্রসিকিউটরের পক্ষ থেকে রাহামির বিরুদ্ধে যথাক্রমে চারটি ও ছয়টি আভিযোগ দায়ের করা হয়েছে।