কঙ্গোয় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষে ‘নিহত ১৭’
ডেমক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর প্রেসিডেন্ট জোসেফ কাবিলার পদত্যাগের দাবিতে ডাকা এক বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্ততপক্ষে ১৭ জন নিহত হয়েছেন।
বিবিসি বলছে, নিহতদের মধ্যে তিনজন পুলিশ কর্মকর্তা রয়েছেন যাদের একজন জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইভারিস্তে বোসাব জানিয়েছেন।
তবে বিরোধী গোষ্ঠীগুলো বলছে, নিহতের সংখ্যা ৫০। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, পুলিশ বিক্ষোভকারীদের উপর সরাসরি গুলি চালিয়েছিলেন।
দেশটির রাজধানী কিনসাসার প্রধান সড়কে বিক্ষোভকারীরা ব্যারিকেড তৈরি করে এবং গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
বিক্ষোভ ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর নিহতদের লাশ রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।
দেশটির নির্বাচন কমিশন বলেছিল, আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু সোমবার ঘোষণা দেয়, ওই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব হবে না।
বিরোধীপক্ষ বলছে, প্রেসিডেন্ট কাবিলা নির্বাচন বিলম্বিত করতে চান। কেননা আসছে ডিসেম্বরেই তার দুই মেয়াদে প্রেসিডেন্ট পদে থাকার সময়সীমা শেষ হবে।
বিক্ষোভ-সহিংসতার ঘটনায় পুলিশ অন্ততপক্ষে ১০জনকে গ্রেপ্তার করেছে।
রাজধানী কিনসাসার অধিকাংশ স্কুল ও দোকান বন্ধ রাখা হয়েছে। যারা এই প্রতিবাদ-বিক্ষোভের সঙ্গে জড়িত নন তারাই সমস্যা এড়াতে ঘরের ভেতরে অবস্থান করছেন।
এই রাজনৈতিক সমস্যা সমাধানে সরকার সমর্থিত জাতীয় সংলাপের উদ্যোগ নেওয়া হলেও অধিকাংশ বিরোধীদল তা বয়কট করেছে।
দেশটির সংবিধান অনুযায়ী একজন ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট থাকতে পারবেন না। প্রেসিডেন্ট কাবিলার দ্বিতীয় মেয়াদ চলতি বছরের ২০ ডিসেম্বর শেষ হওয়ার কথা রয়েছে।
একই ধরনের প্রতিবাদ-বিক্ষোভে গেল বছর ১২ জন নিহত হয়েছিলেন।
৫৫ বছর আগে স্বাধীনতা অর্জনের পর থেকে দেশটিতে কখনোই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের ঘটনা ঘটেনি।
