২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলা

সিরিয়ার আলেপ্পো শহরের বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশে চারটি বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য-ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2016, 12:16 PM

Updated : 12 Apr 2022, 02:54 AM

গত সোমবার থেকে সিরিয়ায় শুরু হওয়া যুদ্ধবিরতির মধ্যে আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশে এটি এ ধরনের প্রথম হামলা বলে জানিয়েছে তারা, খবর বিবিসির।

এই হামলায় কয়েকজন আহত হয়েছেন বলে জানালেও কারা এ হামলা চালিয়েছে সে বিষয়ে কিছু জানায়নি অবজারভেটরি।

এর আগে পূর্ব সিরিয়ার দিয়ের আল জোউর শহরে আইএসের সঙ্গে লড়াইরত সিরীয় সরকারি বাহিনীর ওপর বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী। তাতে অন্তত ৮০ জন সিরীয় সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছিল অবজারভেটরি।

সিরীয় সেনা অবস্থানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর হামলার কারণে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে বলে মন্তব্য করেছে রাশিয়া।

যুক্তরাষ্ট্র দাবি করেছে, ভুল করে সিরীয় সেনা অবস্থানে হামলা চালানো হয়েছে এবং সঠিক তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই হামলা বন্ধ করেছে তারা।

কিন্তু সিরিয়ার এক রাজনৈতিক উপদেষ্টা বিবিসিকে বলেছেন, “যুক্তরাষ্ট্রের হামলা ভুল করে হতে পারে না।”

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যস্থতায় আয়োজিত এই যুদ্ধবিরতিতে আইএস ও অন্যান্য জিহাদি গোষ্ঠীগুলোকে অন্তর্ভুক্ত করা হয়নি। এসব গোষ্ঠীর বিরুদ্ধে চলমান বিভিন্ন অভিযান অব্যাহত আছে।  

আলেপ্পোর সরকার বিরোধী এক মানবাধিকার কর্মী জানিয়েছেন, শহরের পূর্বাংশের কারাম আল জাবাল ও আল শায়ার এ বিমান হামলা চালানো হয়েছে।

আলেপ্পোর গণমাধ্যম কেন্দ্রের প্রতিবেদনে আল সাখাউর এলাকায় চালানো বিমান হামলায় তিনজন আহত হওয়ার কথা বলা হয়েছে।

সিরীয় বাহিনীর ওপর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর হামলার কারণে যুক্তরাষ্ট্রর ও রাশিয়ার মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে। রাশিয়া ও সিরিয়া উভয়েই এ হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ি করে দেশটি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) সহযোগীতা করছে বলে অভিযোগ করেছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দাবি করেছে, আইএসের অবস্থানে হামলা চালাচ্ছে বলে ধারণা করেছিল তারা, পরে রুশ বাহিনীর পাঠানো তথ্যে তাদের ভুল ভাঙে।

এ ঘটনায় ‘অনিচ্ছাকৃত প্রাণহানির জন্য’ দুঃখ প্রকাশ করেছে তারা। 

কিন্তু সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের গণমাধ্যম উপদেষ্টা বোউথাইনা শাবান জানিয়েছেন, অনিচ্ছাকৃতভাবে হামলা চালানো হয়েছে এটি তিনি বিশ্বাস করেন না।

বিবিসি টেলিভিশনকে তিনি বলেন, “যুক্তরাষ্ট্র, পরাশক্তি, এই বিশ্বের সেরা দেশ (সিরীয়) সেনাবাহিনীর ওপর হামলা চালানোর সময় ভুল করেছে? আমি বলতে চাচ্ছি, এটা বলার মতো কোনো কথা না।

“এর অন্য ব্যাখ্যাটি হচ্ছে, যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের একটি অংশ এটি করতে চেয়েছে (যুদ্ধবিরতি), অপর অংশটি এটি করতে চায়নি। তাই রাশিয়ার সঙ্গে যে সমঝোতা হয়েছে তা কার্যকর করতে তারা এতো হিমশিম খাচ্ছে।”

সিরীয় বাহিনীর ওপর যুক্তরাষ্ট্রের এই হামলা যুদ্ধবিরতির ভবিষ্যৎকে ‘বড় একটি প্রশ্ন চিহ্নের’ সামনে দাঁড় করিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিন।