জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বৈঠক করবেন ওবামা
জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ইরাক, নাইজেরিয়া এবং কলম্বিয়ার নেতাদের সঙ্গে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
হোয়াইট হাউজের পক্ষ থেকে শুক্রবার এই তথ্য জানানো হয়।
আগামী সপ্তায় নিউ ইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে বার্ষিক সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
হোয়াইট হাউজের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বেন রোডস সাংবাদিকদের জানিয়েছেন, ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি, নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারি এবং কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোসের সঙ্গে পৃথক পৃথক বৈঠকে মিলিত হবেন ওবামা।
রোডস বলেন, ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দোতার্তের সঙ্গে ওবামা বৈঠক করবেন না বলেই ধারণা করা হচ্ছে।
সম্প্রতি আঞ্চলিক এক শীর্ষ সম্মেলনে ওবামা লাওস সফরকালে দোতার্তের কটুক্তির জেরে হোয়াইট হাউজ দোতার্তের সঙ্গে ওবামার একটি বৈঠক বাতিল করে।
অতি সম্প্রতি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর ফিলিপিন্সে মাদকের বিরুদ্ধে লড়াইয়ে নিরাপত্তা বাহিনীর হাতে উল্লেখযোগ্য সংখ্যক বিচারবহির্ভুত হত্যাকাণ্ডের সমালোচনা করায় জাতিসংঘের নিন্দা করে আন্তর্জাতিক এই সংস্থা থেকে বের হয়ে যাওয়ার হুমকি দেন দোতার্তে।
জাতিসংঘের আসন্ন সাধারণ অধিবেশনে দোতার্তের অংশ নেওয়ার কোনো সূচি এখনো পাওয়া যায়নি।
লাওসের শীর্ষ সম্মেলনে দোতার্তে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সঙ্গে বৈঠক করতে অস্বীকৃতি জানান।
