'মেয়র থাকাকালেও হত্যার নির্দেশ ছিল দোতার্তের'
ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দোতার্তে দাভাও শহরের মেয়র থাকার সময়ও মুসলিম, অপরাধী এবং রাজনৈতিক প্রতিপক্ষদের নির্বিচারে হত্যার নির্দেশ দিয়েছিলেন। ফিলিপিন্সের সিনেটে এক শুনানিতে এমনই অভিযোগ করেছেন দাভাওয়ের মিলিশিয়া বাহিনীর এক সাবেক সদস্য।
অপরাধ দমনের নামে দোতার্তের বিনা বিচারে চলমান হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত কমিটির ওই শুনানিতে সাবেক মিলিশিয়া সদস্য এগার মাতোবাতো সিনেটরদেরকে বলেন, তিনি ব্যক্তিগতভাবে তৎকালীন দাভাও মেয়র দোতার্তকে বিনা বিচারে মানুষ হত্যার নির্দেশ দিতে শুনেছেন।
মাতোবাতোর অভিযোগ, তাকেসহ ডেথ স্কোয়াডের অন্যান্য সদস্যদেরকেও ২৫ বছরের মধ্যে প্রায় ১ হাজার অপরাধী কিংবা রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যার নির্দেশ দিয়েছিলেন দোতার্তে।
তবে মাতোমাতোর এসব অভিযোগ অস্বীকার করেছেন দোতার্তের মুখপাত্র মার্টিন আন্দানার। দোতার্তে মেয়র থাককালে কোথাও এমন অভিযোগে কোনও তদন্ত হয়নি বলে জানান তিনি।
দাভাও শহরে বেসামরিক একটি মিলিশিয়া বাহিনীর হাতে অস্ত্র তুলে দেওয়ার পর এটি পরবর্তীতে ডেথ স্কোয়াডে পরিণত হয়। সরকারি আদেশ বাস্তবায়নে কাউকে হুমকি বলে মনে করলে তাকে হত্যা করত এই ডেথ স্কোয়াড।
টিভিতে প্রচারিত সিনেট কমিটির শুনানিতে মাতোবাতো বলেন, ৭ সদস্যের ওই ডেথ স্কোয়াডে ১৯৮৮ সালে নিয়োগ পান তিনি। পরে এ স্কোয়াডে আরও যোগ হয় পুলিশ কর্মকর্তারাসহ সাবেক বিদ্রোহীরাও।
এ গ্রুপটি প্রায় ১ হাজার মানুষ হত্যা করেছে। এর মধ্যে ৫০ জনকে মাতোবাতো নিজ হাতে খুন করেছেন বলেও জানিয়েছেন।
তিনি বলেন, ২০১০ সালে দোতার্তের রাজনৈতিক প্রতিপক্ষ প্রসপেরো নোগ্রালেসের সমর্থকদেরকে অপহরণ ও হত্যায় তিনি জড়িত ছিলেন।
কত নৃশংসভাবে তাদেরকে খুন করা হত সে বর্ণনাও দিয়েছেন মাতোবাতো। বলেছেন, কখনও তাদের দেহ চিরে সাগরে মাছের খাদ্য হিসাবে ছুড়ে ফেলা হত। কখনও ফেলে দেওয়া হত কুমীরের মুখে।
রাজনৈতিক প্রতিপক্ষ ছাড়াও মাদক চোরাকারবারী, ধর্ষক, ছিনতাইকারীদেরকেও বিনা বিচারে হত্যা করা হত বেলে জানান মাতোবাতো।
তিনি আরও জানান, ১৯৯০ এর দশকে একটি ক্যাথেড্রালে হামলার জবাবে দোতার্তে মসজিদগুলোতে বোমা হামলা চালানোর নির্দেশ দিয়েছিলেন বলেও শুনেছেন তিনি।
“তিনি (দোতার্তে) আমাদেরকে মুসলিমদেরকে হত্যা করা নির্দেশ দিয়েছিলেন”, বলেন মাতোবাতো।
সিনেট কমিটিতে প্রত্যক্ষদর্শী মাতোবাতোর এ সাক্ষ্য নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি প্রেসিডেন্ট দোতার্তে।
ওদিকে, বিচারমন্ত্রী মাতোবাতোর সাক্ষ্যকে মিথ্যা এবং অতিরঞ্জিত বলে উড়িয়ে দিয়েছেন।
প্রেসিডেন্টের যোগাযোগমন্ত্রী বলেছেন, তিনি মনে করেন না এরকম হত্যাকাণ্ডের নির্দেশ দেওয়ার সক্ষমতা দোতার্তের আছে। আর তদন্তেও দোতার্তে নির্দোষ প্রমাণিত হয়েছে বলে দাবি করেন তিনি।
ওদিকে, দাভাও ডেথ স্কোয়াডের অস্তিত্ব এখনও দেশের মানবাধিকার কমিশন প্রমাণ করতে পারেনি বলে দাবি করেছেন দোতার্তের মুখপাত্র।
তবে দোতার্তে শিবির যাই বলুক তার বেপরোয়া মাদকবিরোধী দমনাভিযান নিয়ে এরই মধ্যে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।
ফিলিপিন্সে দোতার্তের শাসন শুরুর পর তার নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে এরই মধ্যে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। এত প্রাণহানির পরও ক্ষান্ত দেননি তিনি। উল্টো এ হত্যাকাণ্ডের পক্ষে সাফাই গেয়ে দোতার্তে বলেছেন, ‘এসব অপরাধীর কারণে কতো নিরীহ মানুষ প্রাণ যায় তা হিসাব করা উচিত।”
দোতার্তের মাদকবিরোধী অভিযানের বিরুদ্ধে যে-ই সোচ্চার হয়েছে তাকেই তিরস্কার করেছেন তিনি। এমনকি জাতিসংঘকেও ছেড়ে কথা বলেননি। দোতার্তে ঘোষিত ‘মাদকবিরোধী লড়াইয়ে’ মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে সম্প্রতি তার তীব্র সমালোচনা করেছে জাতিসংঘ।
