২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন সৈন‌্যদের ফিলিপিন্স ছাড়তে হবে: দোতার্তে

ফিলিপিন্সের দক্ষিণাঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীকে চলে যেতে বলেছেন প্রেসিডেন্ট রডরিগো দোতার্তে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2016, 07:49 PM

Updated : 12 Apr 2022, 02:52 AM

প্রেসিডেন্ট ভবনে নতুন কর্মকর্তাদের এক শপথ অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় দোতার্তে বলেন, “যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীকে চলে যেতে হবে।

“আমি আমেরিকার সঙ্গে বিরোধ চাই না, কিন্তু তাদের চলে যেতেই হবে।”

গত সপ্তাহে ‘অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশন্স’ (আসিয়ান) এর সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন বলেও জানান দোতার্তে।

কিন্তু ওবামাকে নিয়ে তার বিতর্কিত মন্তব্যের পর ওই বৈঠক বাতিল হয়ে যায়।

দোতার্তে বলেন, “আমি চাই যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী মিন্দানাও ত্যাগ করুক। কারণ মুক্তিপণের জন্য তারা অপহরণের শিকার হতে পারে।”

ফিলিপিন্সের সেনাদের প্রশিক্ষণে যুক্ত মার্কিন বিশেষ বাহিনী জঙ্গি সংগঠন আইএস সংশ্লিষ্ট আবু সায়াফ গ্রুপের হামলার মোক্ষম লক্ষ্যবস্তু হয়ে উঠেছে বলে মনে করেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট।

পাশাপাশি দীর্ঘদিন মার্কিন প্রভাব বলয়ে থাকা প্রশান্ত মহানগরীয় অঞ্চলের দেশটির নতুন প্রেসিডেন্ট অন্য কোনো দেশের ‘হস্তক্ষেপ ছাড়াই স্বাধীনভাবে নিজেদের পররাষ্ট্রনীতি গ্রহণ করতে চান’।

ক্ষমতা গ্রহণের পরপরই ফিলিপিন্সকে মাদক মুক্ত করতে কঠোর হস্তে মাদক কারবারিদের দমন শুরু করেন দোতার্তে।

তিনি তার প্রশাসনকে ‘মাদক কারবারিদের দেখা মাত্র গুলি করার নির্দেশ’ দেন; যার ফলে দেশটিতে বিনা বিচারে হত্যাকাণ্ড আশঙ্কাজনক হারে বেড়ে গেছে বলে অভিযোগ রয়েছে।

এ নিয়ে যুক্তরাষ্ট্র এবং মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তার পদক্ষেপ নিয়ে এই উদ্বেগ প্রকাশে ভীষণ ক্ষুব্ধ দোতার্তে।