২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ায় বন্যায় মৃত ১৩৩: জাতিসংঘ

ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় উত্তর কোরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ১৩৩ জনের মৃত্যু হয়েছে ও ৩৯৫ জন নিখোঁজ রয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Sep 2016, 04:35 PM

Updated : 25 Jul 2022, 09:30 PM

এতে বহু ঘরবাড়ি ধ্বংস হওয়াসহ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে সোমবার জানিয়েছে জাতিসংঘের সংস্থা ওসিএইচএ।

শুক্রবার পরীক্ষামূলক পঞ্চম পারমাণবিক বিস্ফোরণ ঘটানোর জেরে উত্তর কোরিয়া প্রতিবেশী দেশগুলো ও বৃহত্তর বিশ্ব থেকে আরো বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনার মধ্যেই দেশটিতে প্রাকৃতিক দুর্যোগের এ খবর এল।

এক প্রতিবেদনে ওসিএইচএ জানিয়েছে, বন্যায় ৩৫ হাজার ৫০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলোর মধ্যে দুই-তৃতীয়াংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং এক লাখ সাত হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, উত্তর কোরিয়ার সরকারি তথ্যের ভিত্তিতে মৃত ও নিখোঁজ মানুষের সংখ্যাটি জানা গেছে।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম অগাস্টের শেষ দিকে ও সেপ্টেম্বরের প্রথমদিকে ভারী বৃষ্টিপাতে তুমেন নদীর কাছাকাছি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর জানিয়েছিল। তবে বন্যার সর্বশেষ প্রতিবেদনে নিহতের সংখ্যা প্রকাশ করা হয়নি।

ওসিএইচএ জানিয়েছে, জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধি, রেডক্রস ও রেডক্রিসেন্ট সোসাইটি, উত্তর কোরিয়ার রেডক্রস ও বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা গত সপ্তাহে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছে, তাদের জরিপের ভিত্তিতে ক্ষয়ক্ষতির হিসাব করা হয়েছে।

রোববার উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, ৭০ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে মারা্ত্মক ‘জলবায়ুজনিত প্রপঞ্চ’ উত্তর কোরিয়ার উত্তরাঞ্চলে আঘাত করেছে, এতে ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হয়েছে এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার কার্যক্রম শুরু করা হয়েছে।