২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রতিদিনই সন্ত্রাসী হামলার ছক উদঘাটন করছে ফ্রান্স’

ফ্রান্সের নিরাপত্তা বাহিনীগুলো ‘প্রতিদিনই’ সন্ত্রাসী হামলার পরিকল্পনা উদঘাটন করে সেগুলোকে ব্যর্থ করে দিচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালাস।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2016, 11:42 AM

Updated : 12 Apr 2022, 02:52 AM

বিবিসির খবরে বলা হয়, জিহাদি জঙ্গিদের বিরুদ্ধে ফ্রান্সের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উগ্রবাদের সংস্পর্শে আসা প্রায় ১৫ হাজার লোককে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

উগ্রবাদের সংস্পর্শে আসা প্রায় ১০ হাজার জনকে উচ্চ-ঝুঁকিপূর্ণ বলে শনাক্ত করার কথা এর আগে জানিয়েছিল কর্তৃপক্ষ।

শনিবার প্যারিসের একটি বাড়ি থেকে ১৫ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়। সাপ্তাহিক ছুটির সময়টিতে সে হামলার পরিকল্পনা করছিল বলে সন্দেহ করা হচ্ছে।

তদন্তকারীরা জানিয়েছেন, এপ্রিল থেকে সে গোয়েন্দাদের নজরদারিতে ছিল, তার সঙ্গে তথাকথিত ইসলামিক স্টেটের (আইএস) ফরাসি সদস্য রশিদ কাসিমের যোগাযোগ ছিল।

এর আগে আইএসের নির্দেশনাতে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে সন্দেহে গত সপ্তাহে তিন নারীকে গ্রেপ্তার করা হয়।

গত নভেম্বরে প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর থেকে ফ্রান্সজুড়ে জরুরি অবস্থা জারি রয়েছে। দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অলন্দ ওই সন্ত্রাসী হামলাকে ‘যু্দ্ধের উসকানি’ বলে অভিহিত করেছিলেন।

তবে সম্প্রতি এক কমিশনের তদন্তে বের হয়েছে যে, জরুরি অবস্থা নিরাপত্তা ব্যবস্থার উন্নতিতে ‘সীমিত প্রভাব’ রাখছে মাত্র। স্কুল, সিন্যাগগ, ডিপার্টমেন্ট স্টোর ও অন্যান্য স্পর্শকতার স্থানগুলো রক্ষায় ছয় হাজার থেকে সাত হাজার সেনা মোতায়েন নিয়ে প্রশ্ন তুলেছে এই কমিশন।

এ বিষয়ে ফরাসি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভালাস বলেন, “আজ হুমকি সর্বোচ্চ মাত্রার রয়েছে, আর আমরা লক্ষ্যস্থলে পরিণত হয়েছি।

“পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো প্রতিদিন হামলার ছক উদঘাটন করছে, নেটওয়ার্ক ভেঙে দিচ্ছে, সন্ত্রাসীদের অনুসরণ করছে। ফ্রান্সে প্রায় ১৫ হাজার লোকের ওপর নজরদারি করা হচ্ছে, কারণ এই লোকগুলো উগ্রবাদিতে পরিণত হওয়ার পথে আছে।”

সমাজতান্ত্রিক এ প্রধানমন্ত্রী বলেন, “নতুন হামলা হতে পারে, নিরপরাধ মানুষ তার শিকার হতে পারে।”

ফ্রান্সের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন আগামী বছর অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে নিরাপত্তা কেন্দ্রীয় ইস্যু।

ওই নির্বাচনে ফের দাঁড়ানোর প্রস্তুতি নেওয়া সাবেক ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজি নিরপত্তা প্রশ্নে বিশেষ আদালত ও ডিটেনশন সেন্টার স্থাপনের প্রস্তাব দিয়েছেন।

সারকোজির এসব প্রস্তাবে সমস্যার সমাধান নিহিত নেই বলে জানিয়েছেন ভালাস।