২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিলি: যেখানে নাইন-ইলেভেনের অন‌্য সুর

খ্রিস্টীয় ক‌্যালেন্ডারে নবম মাসের ১১ তারিখ; নাইন-ইলেভেন। টুইন টাওয়ারে হামলার পর থেকে বিশ্বজুড়ে এই দিনটিতে যুক্তরাষ্ট্রের প্রতি এক ধরনের সমবেদনা বোধ দেখা গেলেও চিলিতে এই দিনটির মাত্রা ভিন্ন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2016, 10:12 PM

Updated : 11 Oct 2022, 08:42 PM

লাতিন আমেরিকার দেশটির নাগরিকরা সেপ্টেম্বর মাসের একাদশ দিনটি স্মরণ করে তাদের দেশের গণতান্ত্রিক সরকারকে উৎখাতের দিন হিসেবে, যার সঙ্গে জড়িত থাকায় যুক্তরাষ্ট্র সেখানে অনেকের নিন্দার পাত্র।

১৯৭৩ সালের ১১ সেপ্টেম্বর চিলির প্রেসিডেন্ট সালভাদর আইয়েন্দেকে হটিয়ে ক্ষমতা দখল করেছিলেন তখনকার সেনা প্রধান আগুস্তো পিনোশেৎ।

এরপর পিনোশেতের ১৭ বছরের শাসন এক ধরনের বিভীষিকা নিয়ে এসেছিল চিলির গণতন্ত্রমনা মানুষদের জন‌্য।

ওই সময়কালে প্রায় ৩ হাজারের মতো মানুষকে হত‌্যা করা হয়েছিল, জেলে পোরা হয়েছিল ৮০ হাজারকে, আর নির্যাতনের শিকার হয়েছিল ৩০ হাজার মানুষ।

কমিউনিস্ট প্রভাবিত আইয়েন্দে ১৯৭০ সালে চিলির প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছিলেন। ক্ষমতায় যাওয়ার পর তিনি যেসব পদক্ষেপ নিয়েছিলেন, তাতে দ্রুতই যুক্তরাষ্ট্রের বিরাগভাজন হয়ে পড়েন তিনি।

কিউবার ফিদেল কাস্ত্রোর ঘনিষ্ঠ আইয়েন্দে প্রেসিডেন্ট হওয়ার পর ওয়াশিংটনের সন্দেহ ছিল, এই বুঝি চিলি কমিউনিস্টদের হাতে চলে গেল।

Image
প্রেসিডেন্ট সালভাদর আইয়েন্দে- ছবি: রয়টার্স

প্রেসিডেন্ট সালভাদর আইয়েন্দে- ছবি: রয়টার্স

তার উপর আইয়েন্দে দায়িত্ব নেওয়ার পরপরই অর্থনীতি শক্তিশালী করার লক্ষ‌্যে যে তিনটি বড় কারখানা জাতীয়করণ করেন, তার দুটিই ছিল যুক্তরাষ্ট্রের। দেশের প্রধান খনিজ তামার খনিগুলো ও ব‌্যাংকগুলোও জাতীয়করণ করেন তিনি।

এর প্রতিক্রিয়ায় চিলিতে যে আন্দোলন শুরু হয়, তাতে যুক্তরাষ্ট্রের ইন্ধন ছিল বলে অভিযোগ রয়েছে। বলা হয়, এই আন্দোলন গড়ে তুলতে চিলির ডানপন্থি দলগুলোর পেছনে ৬০ থেকে ৮০ লাখ ডলার খরচ করেছিল সিআইএ।

১৯৭২ সালে চিলিজুড়ে শুরু হয় ধর্মঘট। সরকার ও পার্লামেন্টের দ্বন্দ্বে কাজও করতে পারছিলেন না আইয়েন্দে। এই অবস্থা চলতে চলতে ১৯৭৩ সালের সেপ্টেম্বরে সেনাবাহিনী ও পুলিশও সক্রিয় হয়। আইয়েন্দেকে হটিয়ে গঠিত হয় জান্তা সরকার।

গণতন্ত্রের পক্ষে বলে আসা যুক্তরাষ্ট্রের তৎকালীন রিচার্ড নিক্সন সরকার চিলির ওই পরিবর্তনকে স্বাগত জানায়। তার ধারাবাহিকতায় ১৯৭৪ সালে নেপথ‌্য থেকে সরাসরি মঞ্চে চলে আসেন পিনোশেৎ।

অন‌্যদিকে ১১ সেপ্টেম্বর যখন প্রেসিডেন্টের বাসভবনে গোলাবর্ষণ চলছিল, তখনও আইয়েন্দে শেষ ভাষণে দেশ ছাড়তে অস্বীকৃতি জানিয়েছিলেন। পরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে জানা যায়, তিনি আত্মহত‌্যা করেছিলেন।

Image
আগুস্তো পিনোশেৎ- ছবি: রয়টার্স

আগুস্তো পিনোশেৎ- ছবি: রয়টার্স

অন‌্যদিকে ক্ষমতা নেওয়ার পর থেকে ‘আগ্রাসী’ হয়ে উঠতে শুরু করেন পিনোশেৎ। তবে তার সময়ে আনা সংস্কার কর্মসূচি চিলির অর্থনীতিকে আপাত গতি দিয়েছিল।

১৯৯০ সালে প্রেসিডেন্টের পদ ছাড়ার পরও আরও আট বছর পর্যন্ত তিনি চিলির সেনা প্রধানের দায়িত্ব ধরে ছিলেন।

১৯৯৮ সালে যুক্তরাজ‌্যের থাকা অবস্থায় আন্তর্জাতিক এক গ্রেপ্তারি পরোয়ানায় বন্দি হন পিনোশেৎ। মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগে ওই পরোয়ানা ছিল চিলির এই সামরিক শাসকের বিরুদ্ধে।

Image
আগুস্তো পিনোশেতের বিচার দাবিতে বিক্ষোভ- ছবি: রয়টার্স

আগুস্তো পিনোশেতের বিচার দাবিতে বিক্ষোভ- ছবি: রয়টার্স

তবে অসুস্থতার কারণ দেখিয়ে যুক্তরাজ‌্য থেকে ছাড়া পেয়ে ২০০০ সালে চিলিতে ফেরার পর স্বদেশেও বিচারের সম্মুখীন হন তিনি।

গৃহবন্দি থাকা অবস্থায়ই ৩০০টি ফৌজদারি অভিযোগের বিচার অনিষ্পন্ন রেখে ২০০৬ সালের ১০ ডিসেম্বর মৃত‌্যু ঘটে পিনোশেতের। নির্যাতন-নিপীড়নের বহু অভিযোগের সঙ্গে প্রকাশ পায় তার তিন কোটি ডলারের সম্পদের খবর, যা দুর্নীতির মাধ‌্যমে অর্জিত হয়েছিল।

তাই যুক্তরাষ্ট্র যখন নাইন-ইলেভেন একভাবে পালন করছে, তখন চিলিবাসী তা পালন করছে ভিন্নভাবে।

[চিলির নাইন-ইলেভেন নিয়ে লাতিন টাইমসের প্রতিবেদন অবলম্বনে]