‘জনপ্রিয়তায় হিলারির কাছাকাছি ট্রাম্প’
ফ্লোরিডা ও ওহাইও অঙ্গরাজ্যসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনের জেতার সম্ভাবনা হ্রাস পাওয়ায় প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয়ের সম্ভাবনা তৈরি হচ্ছে বলে ধারণা পাওয়া গেছে।
শনিবার প্রকাশিত বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোসের সর্বশেষ যৌথ জরিপে এমন আভাস পাওয়া গেছে।
তবে এতে দেখা যায়, যদি ৮ নভেম্বরের নির্বাচন রোববার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয় তাহলে প্রেসিডেন্ট পদে হিলারির জয়ের সম্ভাবনাই বেশি; যদিও বেশ কয়েকটি অঙ্গরাজ্যে জনসমর্থনে ট্রাম্প হিলারিকে ছুঁয়ে ফেলেছেন।
প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে যে পরিষদ বাছাই করে, সেই ইলেক্টোরাল কলেজে এখন গড়ে ৪৭টি ভোট হিলারি পক্ষে আছে। এতে এই মূহুর্তে ভোট হলে হিলারির জয়ের সম্ভাবনা ৮৩ শতাংশ।
অগাস্টের শেষ দিকে রয়টার্স/ইপসোসের জাতীয় জরিপে গড়ে ১০৮টি ইলেক্টোরাল ভোট নিয়ে হিলারির জয়ের সম্ভাবনা ছিল ৯৫ শতাংশ।
কিছুদিন আগেও যুক্তরাষ্ট্রের জাতীয় জরিপে হিলারি বেশ অনেকটা এগিয়ে ছিলেন। কিন্তু গত কয়েক সপ্তাহে হিলারি ওই অবস্থান অনেকটা হারিয়েছেন। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে দু-প্রতিদ্বন্দ্বীর ব্যবধান ততই কমে আসছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় রাষ্ট্রীয় গোপন নথি পাঠানোর কাজে ব্যক্তিগত ইমেইল সার্ভার ব্যবহার করে বিতর্কের মুখে পড়েন হিলারি। এফবিআইয়ের তদন্তে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ আনা না হলেও হিলারি ‘অত্যন্ত অসতর্ক’ ছিলেন বলে মন্তব্য করেছেন সংস্থাটির পরিচালক।
এই মন্তব্যে হিলারি ভালোই ঝামেলায় পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। তার প্রচারণা শিবির এই বিতর্কের নেতিবাচক প্রভাব কাটিয়ে উঠতে সংগ্রাম করছে।
অগাস্টের শেষ সপ্তাহে রয়টার্স/ইপসোসের জরিপে হিলারি আট পয়েন্টে এগিয়ে ছিলেন বলে দেখা গিয়েছিল, কিন্তু তার পর থেকে ট্রাম্প ব্যবধান কমিয়ে আনতে থাকেন।
হিলারি এখনও যুক্তরাষ্ট্রে ১৭টি অঙ্গরাজ্যে জয় পাওয়ার মতো অবস্থানে আছেন। এসব অঙ্গরাজ্যের অনেকগুলোই বেশ জনবহুল। এগুলোর মধ্যে নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং ক্যালিফোর্নিয়ার মতো অঙ্গরাজ্যগুলো রয়েছে।
ট্রাম্প ২৩টি অঙ্গরাজ্যে জয় পাওয়ার মতো অবস্থানে আছেন, তবে এগুলো তুলনামূলকভাবে কম জনবহুল।
গত কয়েক সপ্তাহে হিলারি যে সব অঙ্গরাজ্যে জয় পাবেন বলে দেখা গিয়েছিল, সেগুলোর মধ্যে ওহাইও ও ফ্লোরিডায় তার অবস্থান টলে গেছে। এখন এ দুটি রাজ্যে হিলারি ও ট্রাম্পের সমর্থন প্রায় সমান সমান হয়ে গেছে।
