২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাঞ্জানিয়ায় ভূমিকম্পে নিহত ১৩

পূর্ব আফ্রিকার দেশ তাঞ্জানিয়ার উত্তরাঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ১৩ জন নিহত এবং ২০৩ জন আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2016, 02:52 PM

Updated : 12 Apr 2022, 02:52 AM

দেশটির উত্তরে উগান্ডা এবং রুয়ান্ডা সীমান্তের কাছাকাছি লেক ভিক্টোরিয়ার কাছে স্থানীয় সময় শনিবার দুপুর ৩ টা ২৭ মিনিটে এ ভূমিকম্প হয়। কেনিয়ার পশ্চিমাঞ্চলেও ভূকম্পন অনুভূত হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভূমিকম্প পরবর্তী ছবিতে বুকোবা শহরের ব্যাপক ধ্বংসস্তুপ দেখা গেছে। শহরটিতে ৭০ হাজারেরও বেশি মানুষের বাস। সবচে বেশি মানুষ হতাহত হওয়ার খবর এসেছে এখান থেকেই।

বিবিসি’কে বুকোবার ডিস্ট্রিক্ট কমিশনার দেদাতুস কিনাওয়াইলা বলেন, ‘এ ঘটনায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি এখন শান্ত এবং নিয়ন্ত্রণে রয়েছে। আহত অনেককেই হাসপাতাল থেকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।’

মৃতের সংখ্যা ১১ থেকে বেড়ে ১৩ জন এবং আহতের সংখ্যা ১৯২ থেকে বেড়ে ২০৩ জনে দাঁড়ানোর কথা জানান তিনি।