২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে বাস-ট্রাক সংঘর্ষ ও ট্রেন লাইনচ্যুত হয়ে ২৭ জনের মৃত্যু

ঈদের ছুটিতে ঘরমুখি মানুষের ব্যস্ততার মধ্যে মিশরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অন্ততপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2016, 10:45 AM

Updated : 12 Apr 2022, 02:51 AM

বুধবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেদি এল গেদিদে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে অন্ততপক্ষে ২২ জনের মৃত্যু হয় বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

একইদিন কায়রো থেকে দক্ষিণাঞ্চলীয় শহর আসোয়ান যাওয়ার সময় একটি ট্রেন লাইনচ্যুত হয়ে আরো পাঁচজন মারা যান বলে জানিয়েছে পুলিশ ও চিকিৎসা কর্মকর্তারা। 

এনডিটিভি বলছে, ট্রেনটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। তবে বাসটিতে কতোজন যাত্রী ছিলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

লাইনের মধ্যে একটি সমস্যা চিহ্নিত করে ট্রেন চালক ব্রেক কষলেও শেষ রক্ষা হয়নি। তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায় বলে জানিয়েছেন কর্মকর্তারা।

আল আয়াত গ্রামের কাছে ঘটা এ দুর্ঘটনায় আরো ২৭ জন আহত হন। ২০০২ সালে এই আল আয়াতের কাছেই মিশরের সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি ঘটেছিল। ওই ঘটনায় ট্রেনের ভিতরে রান্নার কাজে ব্যবহৃত একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লাগা আগুনে ৩৬১ জন যাত্রীর মৃত্যু হয়েছিল।

আগামী সপ্তাহে মিশরে কোরবানির ঈদ উদযাপিত হবে। এ উপলক্ষে মিশরের রাজধানী কায়রো ও অন্যান্য বড় শহরের কর্মজীবী মানুষেরা নিজেদের গ্রাম ও শহরের বাড়িতে ফিরতে শুরু করেছেন। এসব কারণে বাস-ট্রেনের ব্যস্ত সূচিতে সড়কগুলো জনাকীর্ণ হয়ে আছে।