যৌন কেলেঙ্কারি: ব্রিটিশ এমপি কিথ ভাজের পদত্যাগ
‘যৌন জীবনের গোপনীয়তা ফাঁস’ হওয়ায় পর হোম অ্যাফেয়ার্স সিলেক্ট কমিটির প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি কিথ ভাজ।
সম্প্রতি ‘দ্য সানডে মিরর’ পত্রিকায় দাবি করা হয়, ভাজ অর্থের বিনিময়ে দুইজন ইউরোপীয় পুরুষ যৌনকর্মীকে ভাড়া করেছিলেন।
ভাজ বলেন, “হোম অ্যাফেয়ার্স সিলেক্ট কমিটির জন্য সবচেয়ে ভাল হল, কোনও ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পাদন করতে পারা।”
“আমি সত্যিই দুঃখিত যে, সর্বশেষ ঘটনার পর যদি আমি প্রধান থাকি তবে তা করা অসম্ভব হবে।”
রোববার ‘সানডে মিরর’ এ দুইজন পুরুষ যৌনকর্মীর সঙ্গে উত্তর লন্ডনে নিজের ফ্ল্যাটে ভাজের ছবি প্রকাশ পায়।
পত্রিকাটিতে ভাজ ও দুই যৌনকর্মীর গোপন আলাপও প্রকাশ করা হয়। ওই আলাপে নিষিদ্ধ ঘোষিত কিছু ওষুধের নাম উঠে আসে।
কনজারভেটিভ এমপি টিম লাফটনকে হোম অ্যাফেয়ার্স সিলেক্ট কমিটির অন্তবর্তীকালীন প্রধান করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে বিবিসি।
অক্টোবর নাগাদ অন্য একজন লেবার এমপি পরবর্তীতে ভাজের স্থলাভিষিক্ত হবেন বলে জানিয়েছেন লাফটন।
তিনি বলেন, “কি ঘটেছে সে সম্পর্কে ভাজ কমিটিকে বিশদ বিবরণ দিয়েছেন এবং কমিটি অত্যন্ত দুঃখের সঙ্গে তার পদত্যাগপত্র গ্রহণ করেছে।”
ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং দুই সন্তানের জনক ভাজ তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন।
নয় বছর ধরে হোম অ্যাফেয়ার্স সিলেক্ট কমিটির প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন ভাজ।
পদত্যাগপত্র জমা দেওয়ার পর এক বিবৃতিতে তিনি বলেন, “সিলেক্ট কমিটির অখণ্ডতা আমার কাছে গুরুত্বপূর্ণ। যারা অন্যের কাছে কৈফিয়ত চায় তাদের অবশ্যই নিজেদের কাছে কৈফিয়ত দিতে বাধ্য থাকতে হবে।”
“এটি আমার সিদ্ধান্ত, একান্তই আমার। সর্বশেষ ঘটনায় আমার পরিবারের উপর কি প্রভাব পড়বে আমি সর্বপ্রথম তা নিয়েই ভাবছি। আমি আমার কমিটির অতীত ও বর্তমান সদস্যদের কাছে তাদের অভূতপূর্ব সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।”
হোম অ্যাফেয়ার্স কমিটির সদস্য লেবার এমপি চুকু উমুন্না বলেন, “একজন চেয়ারম্যান হিসেবে ভাজ দারুণভাবে তার দায়িত্ব পালন করেছেন। এ মুহূর্তে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে তিনি সঠিক কাজ করেছেন।”
লেবার নেতা জেরেমি করবিন বলেন, দলের বর্তমান জাতীয় নির্বাহী পদে ভাজের ভবিষ্যৎ আলোচনার মাধ্যমে ঠিক করা হবে।
