২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মের্কেলের নির্বাচনী পরাজয়ের কারণ শরণার্থী নীতি

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের শরণার্থী নীতির কারণেই তার দল সিডিইউ জনপ্রিয়তা হারাচ্ছে বলে মনে করেন দলের নেতারা। তারা মেরকেলের কাছে শরণার্থী নীতিতে পরিবর্তন আনারও আহ্বান জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2016, 07:54 PM

Updated : 12 Apr 2022, 02:49 AM

জার্মানির সর্বশেষ আঞ্চলিক নির্বাচনে সিডিইউ’র ভরাডুবি হয়েছে। বিপরীতে মাত্র তিন বছর আগে গড়া অভিবাসন-বিরোধী দল এএফডি অভাবিত সাফল্য পেয়েছে।

রোববার মেরকেলের নিজ রাজ্য ম্যাকলেনবুর্গ-ওয়েস্ট পোমেএনিয়া আঞ্চলিক ভোটে দ্বিতীয় স্থান লাভ করেছে এএফডি।

মেরকেলের জোট সরকারের শরীক এসপিডি ৩০ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। এএফডি পেয়েছে ২০ দশমিক ৮ শতাংশ ভোট এবং সিডিইউ পেয়েছে ১৯ শতাংশ ভোট।

এই রাজ্যে আগে কখনও এত কম ভোট পায়নি সিডিইউ।

সিডিইউ এর একজন জ্যেষ্ঠ নেতা এজন্য শরণার্থীদের ব্যাপকহারে জার্মানিতে প্রবেশ করতে দেওয়াকে দায়ী করেছেন।

সিডিইউ নেতা উল্ফগ্যাং বুসবাহ বলেন, “কোনও ধরনের কাগজপত্র ছাড়া হাজার হাজার শরণার্থীর জার্মানিতে প্রবেশ এএফডি-র নির্বাচনী পালে জোর হাওয়া দিয়েছে।”

২০১৫ সালে প্রায় ১১ লাখ শরণার্থী ও অভিবাসন প্রত্যাশী জার্মানিতে প্রবেশ করেছে।

ম্যাকলেনবুর্গ-ওয়েস্ট পোমেএনিয়ায় দলের ভালো ফলাফলের পর এএফডি নেতা লেইফ-এরিক হোম বলেন, “খুব সম্ভবত এটি চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের শেষের শুরু।”

জার্মানির ১৮টি রাজ্যের ৯টিতেই এখন এএফডি-র ডেলিগেট রয়েছে।

নিজ রাজ্যে ভোটের আগে জনমত জরিপে দলের পিছিয়ে যাওয়ার চিত্র উঠে আসায় সম্প্রতি দুইবার উত্তরপূর্বের রাজ্যটি সফর করেন মেরকেল।

শুধু দলের নয় বরং জার্মানিতে মেরকেলের জনপ্রিয়তায়ও ভাটা পড়েছে। ২০১৭ সালের সেপ্টেম্বর জার্মানিতে জাতীয় নির্বাচন। নির্বাচনে চতুর্থ মেয়াদের জন্য লড়বেন মেরকেল।