উজবেক প্রেসিডেন্ট কারিমভের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন
নিজ শহর সামারকান্দে উজবেকিস্তানের প্রয়াত প্রেসিডেন্ট ইসলাম কারিমভের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে এক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৭৮ বছর বয়সী কারিমভ।
কারিমভের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট বিনালি ইলদিরিম আনুষ্ঠানিকভাবে প্রথম কারিমভের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
তার কয়েক ঘণ্টা পর উজবেকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
পরে সরকারের পক্ষ থেকে একটি মেডিকেল রিপোর্ট প্রকাশ করে বলা হয়, গত সপ্তাহের শেষ দিকে মস্তিষ্কে রক্তক্ষরণের পর অজ্ঞান হয়ে পড়া কারিমভের আর জ্ঞান ফেরেনি।
দীর্ঘ ২৭ বছর উজবেকিস্তান শাসন করেছেন কারিমভ। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ ছিল, স্বৈরশাসক কারিমভ অত্যন্ত কঠোর হস্তে বিরোধীদের দমন করে রেখেছিলেন।
শনিবার রাজধানী তাশখন্দ থেকে কারিমভের মৃতদেহ সামারকান্দে নিয়ে যাওয়ার সময় রাস্তার দুই পাশে হাজার হাজার মানুষ তার কফিনের দিকে ফুল ছুড়ে শ্রদ্ধা জানান।
এ সময় অনেকের চোখে অশ্রু দেখা গেছে।
তাশখন্দ বিমানবন্দর থেকে কারিমভের কফিন সামারকান্দগামী ফ্লাইটে উঠানোর সময় কারিমভের স্ত্রী তাতইয়ানা কারিমভ ও ছোট মেয়ে লোলা কারিমভা-তিলিয়াইভাকে অশ্রুসিক্ত নয়নে সেখানে দেখা গেছে।
উজবেক প্রধানমন্ত্রী শাভকাত মিরজিইয়োয়েভ ও উপপ্রধানমন্ত্রী রুস্তাম আজিমভ অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছেন। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানিও অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশ নেন।
রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ তাজিকিস্তান ও তুর্কমেনিস্তানের প্রেসিডেন্টরাও অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কারিমভের মৃত্যুতে উজবেকিস্তানের রাজনীতিতে বড় ধরনের শূন্যতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কারণ ২৭ বছর দেশ শাসন করলেও কখনো নিজের উত্তরসূরি হিসেবে কারো নাম ঘোষণা করেননি তিনি।
অনেকে প্রধানমন্ত্রী মিরজিইয়োয়েভকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ভাবছেন।
অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে মিরজিইয়োয়েভ বলেন, “আমাদের জনগণ ও উজবেকিস্তান অপূরণীয় ক্ষতির মধ্যে পড়েছে। মৃত্যু আমাদের মধ্যমণি ও উজবেকিস্তানের প্রতিষ্ঠাতাকে এবং আমাদের জনগণের অগ্রগণ্য ও প্রিয় পুত্রকে কেড়ে নিয়েছে।”
