আইএস, কুর্দি বাহিনীকে বিতাড়িত করার দাবি তুরস্কের
তুর্কি সীমান্তবর্তী সিরিয়ার উত্তরাঞ্চলের একটি এলাকা থেকে ইসলামিক স্টেট (আইএস) ও কুর্দি ওয়াইপিজি মিলিশিয়াদের বিতাড়িত করার দাবি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান।
তবে সিরিয়ার কুর্দি বাহিনী এখনও ইউফ্রেতিস নদীর পূর্বাঞ্চলে সরে যাওয়ার তুরস্কের দাবি পূরণ করেনি বলেও জানান তিনি।
শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, “তুরস্ক সীমান্তবর্তী সিরিয়ার চারশ’ স্কয়ার কিলোমিটার এলাকা থেকে ইসলামিক স্টেট ও কুর্দি ওয়াইপিজি মিলিশিয়াদের সম্পূর্ণভাবে উৎখাতের মধ্য দিয়ে ইউফ্রেতিস রক্ষার অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে।”
তবে ইউফ্রেতিস নদীর পূর্বাঞ্চলে কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় যুক্তরাষ্ট্র-সমর্থিত ওয়াইপিজি মিলিশিয়াদের পিছু হটে যাওয়ার দাবি নাকচ করেন এরদোয়ান। যদিও ওয়াইপিজি মিলিশিয়ারা পূর্বাঞ্চলে সরে গেছে বলে জানিয়েছে এবং যুক্তরাষ্ট্রও সেকথাই বলছে।
তিনি বলেন, “এখন তারা বলছে, ওয়াইপিজি মিলিশিয়ারা চলে গেছে। কিন্তু আমরা বলছি, তারা যায়নি। আমাদের নিজেদের পর্যবেক্ষণের ভিত্তিতে আমরা একথা বলছি।”
সিরিয়া সীমান্ত থেকে জঙ্গিদের বিতাড়িত করতে গত সপ্তাহে অভিযান শুরু করে তুরস্কের সেনাবাহিনী।
তারা সীমান্ত থেকে আইএস জঙ্গিদের বিতাড়িত করার পাশাপাশি সিরিয়ার ওইসব অঞ্চল যেন কুর্দি বাহিনীর নিয়ন্ত্রণে চলে না যায় তাও নিশ্চিত করতে চায়।
তুরস্ক সমর্থিত সিরিয়ার বিদ্রোহী দলগুলোও সেনাবাহিনীর সঙ্গে অভিযানে অংশ নিচ্ছে।
কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে তুরস্কের সেনাবাহিনীর এ আগ্রাসন নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে।
সিরিয়ান ডেমক্র্যাটিক ফোর্সের ব্যানারে সিরিয়ার বিদ্রোহীদের যে অংশকে যুক্তরাষ্ট্র সমর্থন দিচ্ছে কুর্দি ওয়াইপিজি তার অন্তর্ভূক্ত। যদিও আঙ্কারা ওয়াইপিজিকে তুরস্কের বিদ্রোহী কুর্দিদের দল পিকেকে’র বিস্তৃত অংশ বলে মনে করে।
এরদোয়ান বলেন, “আমরা দক্ষিণ সীমান্ত দিয়ে জঙ্গিদের যাতায়াতের অনুমতি দেব এমনটি কেউ আমাদের কাছে আশা করতে পারে না।”
সিরিয়ায় ‘নিরাপদ অঞ্চল’ প্রতিষ্ঠার কথা বলে সেখানে আক্রমণ করছে তুরস্ক সরকার। যদিও আন্তর্জাতিক বিশ্ব তাদের এ পরিকল্পনায় উদ্বেগ প্রকাশ করেছে।
