সোমালিয়ায় জোড়া আত্মঘাতী হামলায় নিহত ২০
সোমালিয়ার আধা-স্বায়ত্তশাসিত পুন্টল্যান্ড রাজ্যের গালকায়ো টাউনে স্থানীয় সরকারের সদরদপ্তর লক্ষ্য করে চালানো জোড়া আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ২০ জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তারা।
রোববার চালানো এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আল শাবাব।
পুলিশ প্রাথমিকভাবে নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক মানুষসহ ১০ জন নিহত হওয়ার কথা জানালেও পরে এক চিকিৎসা কর্মকর্তা দ্বিগুণ মানুষ নিহত হওয়ার কথা জানিয়েছেন।
গালকায়ো হাসপাতালের চিকিৎসক আহমেদ সুগুল বলেছেন, নিহতের সংখ্যা ২০ এর বেশি। এ সংখ্যা আরও বাড়তে পারে। হামলায় আরও ৩০ জন আহত হয়েছে বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা পরপর দুটি বড় ধরনের বিস্ফোরণের পর ব্যাপক গোলাগুলির শব্দ শুনেছেন বলে জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা হালিমা ইসমাইল রয়টার্সকে বলেছেন, “দুটি বড় ধরনের বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। প্রথমটি ছিল একটি ট্রাক বোমা, এর প্রায় এক মিনিটের মধ্যেই আরেকটি গাড়িবোমা। ঘটনাস্থলে আমার ভাই আহত হয়েছেন।”
হামলার দায় স্বীকার করে আল শাবাবের সামরিক অভিযানের মুখপাত্র আব্দিয়াসিস আবু মুসাব বলেছেন, “দুটি আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়েছে।”
