সেই ওমরানের বড় ভাই ‘মারা গেছে’
সিরিয়ায় বিমান থেকে বোমাবর্ষণে ঝলসে যাওয়া ওমরান দাকনিশ নামের যে বালকটির রক্তাক্ত ছবি পুরো বিশ্বকে হতবাক করেছে তার বড় ভাই আলেপ্পোতে আহত হয়ে মারা গেছে বলে খবর পাওয়া গেছে।
বিবিসি জানিয়েছে, দ্য সিরিয়ান সলিডারিটি ক্যাম্পেইন নামের এক গোষ্ঠী বলেছে, “ওমরানের বড় ভাই ১০ বছর বয়সী আলি আজ তাদের বাড়িতে রাশিয়া/আসাদের বোমাবর্ষণে আহত হয়ে মারা গেছে।”
গত কয়েকদিন ধরে সিরিয়ার আলেপ্পো শহরের বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ভারী বোমাবর্ষণ করছে রাশিয়া ও সিরিয়ার জঙ্গিবিমানগুলো।
এর একটি ওমরানদের বাড়িতে বিস্ফোরিত হলে পাঁচ বছর বয়সী শিশুটি আহত হয়। অ্যাম্বুলেন্সে বসা অসহায় ওমরানের ধূলিধূসরিত রক্তাক্ত ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে গোটা বিশ্ব হতবাক হয়ে পড়ে।
এই ছবির মাধ্যমে আলেপ্পোর বিদ্রোহী-নিয়ন্ত্রিত অংশে আটকে পড়া বেসামরিকদের দুর্দশা প্রকাশ পেয়েছে যা বিশ্বব্যাপী ক্ষোভ তৈরি করেছে।
বার্তা সংস্থা রয়টার্সকে আলেপ্পো থেকে এক অজ্ঞাত প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বোমা বিস্ফোরণের আঘাতজনিত কারণে আলি দাকনিশের শরীরে রক্তক্ষরণ হচ্ছিল এবং তার কয়েকটি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছিল।
ট্যুইটারে কারিম শাহিন নামের মধ্যপ্রাচ্যের এক সংবাদিক বলেছেন, “ওমরান দাকনিশের চিকিৎসক নিশ্চিত করেছেন, যে বোমার আঘাতে ওমরান আহত হয়েছিল তাতেই আহত হওয়া তার বড় ভাইয়ের মৃত্যু হয়েছে।”
এক সময় সিরিয়ার শিল্প-বাণিজ্যের কেন্দ্র ছিল আলেপ্পো। গৃহযুদ্ধ শুরুর পর ২০১২ সালে থেকে শহরটি সরকারি বাহিনী ও বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশের মধ্যে বিভক্ত হয়ে পড়েছে। শহরটির পশ্চিমাংশ সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে ও পূর্বাংশ বিদ্রোহী বাহিনীর নিয়ন্ত্রণে আছে।
