২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে বিয়ের উৎসবে বোমা হামলায় নিহত অর্ধশত

তুরস্কের কুর্দি অধ‌্যুষিত দক্ষিণ-পূর্বাঞ্চলের গাজিয়ানতেপ শহরে বিয়ের অনুষ্ঠানে সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2016, 09:29 AM

Updated : 11 Oct 2022, 08:38 PM

শনিবার দেশটির স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিয়েছে।

হামলার দায় স্বীকারের কোনো খবর না এলেও সন্দেভাজন হিসেবে ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী করছে তুরস্ক।

প্রেসিডেন্ট তায়িপ এরদোয়ান বলেছেন, সম্ভবত ইসলামিক স্টেটের জঙ্গিরাই শেষ রাতের দিকে এই হামলা চালিয়েছে, যা এবছরের মধে্যে তুরস্কে সবচেয়ে ভয়াবহ হামলা।

স্থানীয় সরকার বিভাগের এক বিবৃতিকে উদ্ধৃত করে রয়টার্স বলেছে, বোমা হামলায় ৫০ জন মারা গেছেন। আরও অনেকে আহত হয়েছেন, যাদের প্রদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করে একজন আত্মঘাতী হামলাকারী বোমাটির বিস্ফোরণ ঘটিয়েছে বলে ধারণা প্রকাশ করেছে তুর্কি সরকার।

তুরস্কের উপ-প্রধানমন্ত্রী মেহমেত সিমেস্ক হামলাটিকে ‘বর্বরোচিত’ অভিহিত করে বলেছেন, “খোদার ইচ্ছায় আমরা এ ধাক্কা কাটিয়ে উঠব।”

শহরের যে অংশে বিস্ফোরণটি ঘটানো হয়েছে সেখানে অনেক বিশ্ববিদ‌্যালয়ের ছাত্র বসবাস করেন। লোকজন বিয়ের আসর থেকে রাস্তায় বেরিয়ে আসার পরই বিস্ফোরণটি ঘটনো হয়।

সিরীয় সীমান্ত থেকে ৬৪ কিলোমিটার দূরের শহরটি সব অংশ থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ঘটনাস্থলে অনেকগুলো অ‌্যাম্বুলেন্স জড়ো হয়েছে এবং সিএনএন তুর্কিতে সম্প্রচারিত ভিডিও ফুটেজে শহরটির জনাকীর্ণ রাস্তাটিতে পুলিশ ও জরুরি বিভাগের কর্মীরা উপস্থিত হয়েছেন বলে দেখা গেছে।  

নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, সম্ভবত উৎসব করতে বিয়ের আসর থেকে বড় একটি দল রাস্তায় নেমে আসার পর বিস্ফোরণটি ঘটানো হয়।  

ট‌্যুইটারে তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির পার্লামেন্ট সদস‌্য সামিল তাইয়ার জানিয়েছেন, হামলার পিছনে আইএস আছে বলে ধারণা করা হচ্ছে। 

কুর্দি নেতৃত্বাধীন পিপলস ডেমোক্রেটিক পার্টির গাজিয়ানতেপ আসনের পার্লামেন্ট সদস‌্য মাহমুত তোগরুল বিয়ের অনুষ্ঠানটি কুর্দি পরিবারের বলে রয়টার্সকে জানিয়েছেন। 

এর আগে কুর্দিদের বিভিন্ন সমাবেশে আত্মঘাতী বোমা হামলার জন‌্য আইএসকে দায়ী করা হয়েছিল।

দেশের ভিতরে ও সীমান্ত পেরিয়ে প্রতিবেশী সিরিয়া থেকে আইএস জঙ্গিদের চালানো হামলার কারণে নিরাপত্তা হুমকির মুখে আছে তুরস্ক, পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিও (পিকেকে) অভ‌্যন্তরীণ হুমকি হিসেবে বিরাজ করছে। 

গতমাসে তুর্কি সামরিক বাহিনীর একটি দলছুট অংশ সামরিক অ‌ভ‌্যুত্থানের চেষ্টা করে ব‌্যর্থ হয়। এরপর থেকে দেশটিতে ব‌্যাপক দমনাভিযান শুরু করেছে প্রধানমন্ত্রী রিজেপ তায়িপ এরদোয়ান সরকার। সেনা বাহিনীর দুর্বলতার সুযোগে বিচ্ছিন্নতাবাদী পিকেকেও তাদের তৎপরতা তীব্রতর করে তুলেছে।

এরই মধ‌্যে এ বোমা হামলার ঘটনা ঘটলো।