ইরানের মাটি থেকে সিরিয়ায় রুশ বিমান হামলা
রাশিয়া প্রথমবারের মত ইরানের ভূখণ্ড ব্যবহার করে সিরিয়ার জঙ্গিদের উপর বিমান হামলা চালিয়েছে।
ইরানের পশ্চিমাঞ্চলীয় একটি ঘাঁটি থেকে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয়।
এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার ইরানের হামেদান বিমানঘাঁটি থেকে রাশিয়ার দূর-পাল্লার তুপলেভ-২২এমথ্রি বোমারু বিমান এবং সুখোই-৩৪ বোমারু বিমান সিরিয়ায় বোমা হামলা চালিয়েছে।
সিরিয়ায় পৌঁছানোর জন্য সেগুলো (সিরিয়ার) প্রতিবেশী অন্য কোনো দেশের আকাশসীমা ব্যবহার করেছে, খুব সম্ভবত দেশটি ইরাক।
রুশ বোমারু বিমানগুলো মঙ্গলবার সিরিয়ার আলেপ্পো, ইদলিব এবং দেইর আল জউর প্রদেশের ইসলামিক স্টেট (আইএস) ও নুসরা ফ্রন্টের জঙ্গিদের উপর হামলা চালিয়েছে বলেও জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
বিবৃতিতে বলা হয়, “হামলায় অস্ত্রের পাঁচটি বড় গুদাম, একটি জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র এবং তিনটি নির্দেশণা ও নিয়ন্ত্রণস্থল ধ্বংস হয়ে গেছে। এছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক জঙ্গি নিহত হয়েছে।”
‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানায়, আলেপ্পোর ভেতর ও বাইরে এবং সিরিয়ার অন্যান্য অঞ্চলে মঙ্গলবার ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে। বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে ওই হামলায় অনেকে নিহত হয়েছে।
সিরিয়া ছাড়া এই প্রথম রাশিয়া অন্য কোনও দেশের ভূখণ্ড ব্যবহার করে সামরিক অভিযান চালাল।
এ ঘটনা ইরান ও রাশিয়ার মঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
কারণ, ১৯৭৯ সালের পর ইরানও এই প্রথম অন্য কোনও দেশকে তাদের ভূখণ্ড ব্যবহার করে সামরিক অভিযান চালানোর অনুমতি দিল।
এর ফলে মধ্যপ্রাচ্যে রাশিয়ার প্রভাব আরও জোরদার হবে। সেইসঙ্গে রাশিয়ার বিমান বাহিনী আরো কম সময়ে এবং কম খরচে সিরিয়ায় বিমান হামলা চালাতে পারবে।
ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ কে বলেন, “কৌশলগত সহযোগিতার অংশ হিসেবে তেহরান ও মস্কো এখন সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে পরষ্পরের সুযোগ-সুবিধা ভাগ করে নিচ্ছে।”
উভয় দেশই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন করছে। তারা সিরিয়ার পাঁচ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটাতে চাইছে এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাবকে চ্যালেঞ্জ জানাচ্ছে।
গত বছর ইরান তাদের পরমাণু প্রকল্প নিয়ে বিশ্বশক্তির সঙ্গে এক চুক্তিতে উপনীত হয় । যার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাষ্ট্র দেশটির উপর থেকে অর্থনৈতিক অবরোধ তুলে নেয়।
তারপর থেকে তেহরান ও মস্কোর মধ্যে সম্পর্ক উষ্ণ হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছর নভেম্বরে ইরান সফর করেন।
এছাড়া, সিরিয়ায় যুদ্ধ কৌশল নিয়ে আলোচনার জন্য দুই দেশের সেনা কর্মকর্তরা নিয়মিতভাবেই বৈঠক করে আসছেন।
