ভারতের স্বাধীনতা দিবসে শ্রীনগরে হামলায় নিহত ১
ভারতের স্বাধীনতা দিবসের দিন জম্মু ও কাশ্মির রাজ্যের রাজধানী শ্রীনগরে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) উপর কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদীরা হামলা চালিয়েছে।
সোমবার শ্রীনগরের কেন্দ্রস্থল নওহাট্টায় চালানো এ হামলায় সিআরপিএফের একজন কর্মকর্তা নিহত ও নয় জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে আটজন জওয়ান ও একজন পুলিশ সদস্য বলে জানিযেছে এনডিটিভি।
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জম্মু ও কাশ্মিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এর মধ্যেই এ হামলার ঘটনা ঘটল।
নওহাট্টার অদূরে শ্রীনগরের বকশী স্টেডিয়ামে ভারতের স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।
ভারতের রাজধানী দিল্লির লাল কেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের ভাষণ দেওয়ার সময়েই নওহাট্টায় হামলা চালানো শুরু হয়। ভাষণে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার জন্য মোদী কঠোর ভাষায় প্রতিবেশী পাকিস্তানের সমালোচনা করেন।
৮ জুলাই কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হিজবুল মুজাহিদিনের ২২ বছর বয়সী সদস্য বুরহান ওয়ানি নিহত হওয়ার পর থেকে কাশ্মির উপত্যাকাজুড়ে তীব্র প্রতিবাদ ছড়িয়ে পড়ে। তারপর থেকে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ৫০ জনেরও বেশি নিহত ও কয়েক হাজার মানুষ আহত হন।
তারপর থেকে নওহাট্টাসহ শ্রীনগরের অধিকাংশ এলাকাতেই সান্ধ্য আইন জারি করা আছে। ভারতের স্বাধীনতা দিবসের দিনটিকে ‘কালো দিন’ হিসেবে পালনের জন্য কাশ্মিরবাসীদের প্রতি আহ্বান জানিয়েছিল বিচ্ছিন্নবাদী গোষ্ঠীগুলো।
বিচ্ছিন্নতাবাদীদের এ আহ্বানের মুখে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শ্রীনগরসহ কাশ্মিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়।
এ দিন সকালে উরি সীমান্তে ‘সন্ত্রাসীদের’ ভারতের অনুপ্রবেশের এক প্রচেষ্টাও রুখে দেয় দেশটির নিরাপত্তা বাহিনী। শ্রীনগর থেকে ৭০ কিলোমিটার দূরের এ ঘটনায় দুই ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে জানা গেছে।
