২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন সন্ত্রাস বিরোধী পরিকল্পনা জার্মানির

জার্মানি নতুন সন্ত্রাসবিরোধী পরিকল্পনা করেছে। এর আওতায় দ্বৈত নাগরিকত্ব থাকা জার্মানরা জঙ্গি দলগুলোর সঙ্গে যোগ দিয়ে লড়াই করলে জার্মানির নাগরিকত্ব হারাবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2016, 10:58 PM

Updated : 12 Apr 2022, 02:38 AM

স্বরাষ্ট্রমন্ত্রী টমাস ডি মেজিয়া বিদেশি অপরাধীদেরকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া ত্বরান্বিত করার পরিকল্পনাও ঘোষণা করেছেন।

তিনি পুলিশে অতিরিক্ত কর্মকর্তা, হাতিয়ার এবং নজরদারি ক্ষমতা দেওয়ারও ঘোষণা দেন। তবে জনসম্মুখে নারীদের বোরখা পরা নিষিদ্ধের বিষয়টি সমর্থন করেননি।

মেজিয়ার কয়েকজন রক্ষণশীল সহকর্মী নারীদের বোরখা পরা নিষিদ্ধের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু মেজিয়া এটি সমস্যাশঙ্কুল হতে পারে এবং সবকিছু নিষিদ্ধ করা যায় না বলে মত দেন।

সম্প্রতি ইসলামি জঙ্গিদের সঙ্গে যোগ থাকা একটি হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে কথাগুলো বলছিলেন মেজিয়া।

গত মাসে জার্মানির দুটো শহর জঙ্গিদের দুটো হামলায় জর্জরিত হয়েছে।

এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী মেজিয়া বলেছেন, “যেসব জার্মান নাগরিক অন্যান্য দেশগুলোতে জঙ্গিদের সঙ্গে লড়াই করছে কিংবা যারা তাদের সঙ্গে লড়াইয়ে অংশ নিতে পারে, তাদের দ্বৈত নাগরিকত্ব থেকে থাকলে তারা জার্মান নাগরিকত্ব হারাবে বলেই আমি প্রস্তাব করছি।”

কিছুদিন আগে ফ্রান্সও সন্ত্রাসী বা জিহাদিদের ফরাসি নাগরিকত্ব বাতিলের এমন একটি উদ্যোগ নিয়েছিল। তবে সেটি পার্লামেন্টের পক্রিয়াধীনে আসেনি।