২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিলারির বিরুদ্ধে সহিংসতার হুমকি দিয়ে ফের বিতর্কে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিনটনকে ঠেকাতে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার সমর্থকদেরকে নিজ নিজ অস্ত্র ব্যবহারের অধিকার কাজে লাগাতে বলে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2016, 07:06 PM

Updated : 11 Oct 2022, 08:35 PM

নর্থ ক্যারোলাইনায় সর্বসাম্প্রতিক এক সমাবেশে ট্রাম্প এভাবেই অস্ত্র ব্যবহার করে হিলারিকে ক্ষমতা গ্রহণ থেকে ঠেকানোর ইঙ্গিত দেন।তার এ বক্তব্যকে হিলারির বিরুদ্ধে সহিংসতার হুমকি হিসাবে দেখছেন অনেকেই।

ভাষণে ট্রাম্প বলেছেন, হিলারি ক্লিনটন যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বিতীয় সংশোধনী (যে সংশোধনীতে জনগণের অস্ত্র রাখা এবং অস্ত্র বহনের অধিকার নিশ্চিত করা হয়েছে)বিলোপ করতে চান।

হিলারি নির্বাচিত হলে তিনি সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগের ক্ষমতা পেয়ে যাবেন এবং তার পছন্দমত বিচারক নিয়োগ করে অস্ত্রআইন বদলানোর চেষ্টা করতে পারেন।

এ বিষয়টিকেই ব্যাখ্যা করে সমাবেশে ট্রাম্প বলেন,“হিলারি সুপ্রিম কোর্টে তার পছন্দমত বিচারক মনোনয়ন দিলে আপনাদের আর কিছুই করার থাকবে না।”

হিলারি ৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জিতলে তিনি উদারনৈতিক বিচারক সুপ্রিম কোর্টে নিয়োগ করতে পারেন। আর এতে করে মানুষের অস্ত্র রাখার অধিকার বিপন্ন হতে পারে বলে মন্তব্য করেন ট্রাম্প। আর সে কারণে এখনই অস্ত্র রাখার অধিকার কাজে লাগিয়ে হিলারিকে থামাতে হবে বলে উল্লেখ করেন তিনি।

ট্রাম্পের এ মন্তব্যের পরপরই অনলাইনে বিতর্ক আর সমালোচনার ঝড় বয়ে গেছে। অনেকেই তার বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ করেছেন। তবে ট্রাম্প বলছেন, তিনি আসলে ভোট দলে টানতে অস্ত্র অধিকারের সমর্থকদের তার পক্ষে আনার চেষ্টা করেছেন।

মার্কিন হাউজ স্পিকার রিপাবলিকান পল রায়ান ট্রাম্পের এমন কথা বলা ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন।ওদিকে,হিলারির প্রচার শিবির ট্রাম্পের বক্তব্যকে ‘বিপজ্জনক’ আখ্যা দিয়েছে।

নির্বাচনী প্রচারণার শুরূ থেকেই ট্রাম্পের একের পর এক নানা বিতর্কিত মন্তব্যের কারণে প্রেসিডেন্ট নির্বাচনে বিকল্প প্রার্থী হিসেবে ইতোমধ্যেই দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সিআইএ-র এক সাবেক কর্মকর্তা ইভান ম্যাকমুলিন।

তিনি একজন রিপাবলিকান হলেও ট্রাম্পের বিরোধী পক্ষকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহারের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছেন।