আফগানিস্তানে মার্কিন সেনাদের অস্ত্র দখলের দাবি আইএসের
আফগানিস্তানের ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট জঙ্গিরা মার্কিন সেনাদের অস্ত্র দখল করে নেওয়ার দাবি করেছে।
জঙ্গি সংগঠনটি শনিবার অনলাইনে সামরিক যন্ত্রপাতি ও অস্ত্রের কয়েকটি ছবি প্রকাশ করে।
ছবিতে আমেরিকায় তৈরি বহনযোগ্য রকেট লঞ্চার, রেডিও এবং গ্রেনেড দেখা যায়, যেগুলো আফগান সেনারা সাধারণত ব্যবহার করে না।
সেইসঙ্গে একটি সামরিক পরিচয়পত্রের ছবিও প্রকাশ করা হয়, যেটায় লেখা ‘স্পেশালিস্ট রায়ান লারসন’।
যদিও কাবুলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের কোনো সেনা অপরহণ হওয়ার খবর অস্বীকার করে বলা হয়েছে, রায়ান লারসন উপস্থিত আছেন এবং তিনি নিজের ইউনিটের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
নানগারহার প্রদেশে আইএস এর প্রতি আনুগত্য প্রকাশ করা জঙ্গিদের সঙ্গে আফগান বাহিনীর লড়াই চলছে। যুক্তরাষ্ট্রের স্পেশাল অপারেশন ফোর্স লড়াইয়ে আফগান বাহিনীকে সহায়তা করছে।
রোববার ই-মেইলে এক বিবৃতিতে সেনাবাহিনীর মুখপাত্র রন ফ্লেসভিগ বলেন, “আফগান সেনাদের সঙ্গে অভিযানে অংশ নেওয়া আমাদের একটি ইউনিটে এপিসি লারসনও ছিলেন। অভিযান শেষে লারসনের পরিচয়পত্র এবং আমাদের কিছু সমর সরঞ্জাম সেখানে রয়ে যায়। ব্যক্তিগত পরিচয়পত্র খোয়া যাওয়া দুর্ভাগ্যজনক।”
জুলাইয়ে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল, নানগারহার প্রদেশে লড়াইয়ে মার্কিন স্পেশাল ফোর্সের অন্তত পাঁচ সদস্য আহত হয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আফগানিস্তানে জঙ্গি দমনে আমেরিকার সেনাদের আরও বেশি ভূমিকা পালনের আহ্বান জানানোর পর নানগারহার প্রদেশে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়।
আফগানিস্তানে মার্কিন সেনারা পরামর্শকের পাশাপাশি বিশেষ অভিযানে অংশ নিচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে সেখানে অস্ত্রশস্ত্রও পাঠানো হচ্ছে।
