‘ওয়াইন কুইন’ হলেন সিরীয় শরণার্থী
জার্মানির ওয়াইন তৈরির প্রধান একটি এলাকার রানির মুকুট জয় করেছেন সিরিয়ার এক শরণার্থী নারী ।
প্রথম কোনও শরণার্থী হিসাবে তিনিই এ সম্মান পেলেন বলে জানিয়েছে বিবিসি।
২৬ বছর বয়সী ছাত্রী নিনোর্তা বাহনো সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর তিন বছরেরও কিছু বেশি সময় আগে জার্মানিতে পালিয়ে যান।
পশ্চিম জার্মানির ট্রিয়ের শহরে সিরীয় এ খ্রিস্টান নারীকে ‘ওয়াইন কুইন’ নির্বাচিত করা হয়।
মুকুট জয়ের পর তিনি জানান, তার প্রত্যাশা, এ পুরস্কার সবাইকে একতাবদ্ধ হতে উৎসাহ যোগাবে।
একজন শরণার্থীর জন্য নতুন একটি জায়গায় এসে খাপ খাওয়ানো খুবই কঠিন মন্তব্য করে বাহনো বলেন, জার্মানি যে শরণার্থীদের জন্য স্বাগতিক দেশ, তারা যে অত্যন্ত বিনয়ী এবং শরণার্থীদেরকে একাত্ম করে নেওয়ার জন্য কাজ করছে তা তিনি তুলে ধরতে চান।
বাহনো আগামী বছর বিভিন্ন উৎসব-অনুষ্ঠানে ট্রিয়ের ও এর আশেপাশের এলাকার ওয়াইন উৎপাদনকারীদের তুলে ধরবেন বলেও জানান।
১৯৩০ এর দশক থেকে জার্মানিতে ওয়াইন কুইন নির্বাচনের প্রথা চলে আসছে।
প্রতিবছর সেপ্টেম্বর মাসে জার্মানির ১৩টি ওয়াইন উৎপাদনকারী রাজ্য থেকে নির্বাচিত কুইনরা ‘জার্মান ওয়াইন কুইন’ প্রতিযোগিতায় অংশ নেয়।
